)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় সেনার বড় সাফল্য। খতম কুখ্যাত জঙ্গি বাগু খান। কাশ্মীরের গুলজ এলাকায় সংঘর্ষে তাকে নিকেশ করে ভারতীয় সেনা। তার সঙ্গেই আরও এক জঙ্গিও মারা যায় বলে জানা গিয়েছে।
কে এই বাগু খান?
এই বাগু খান 'হিউম্যান জিপিএস' নামে পরিচিত ছিল। ভারত থেকে পাকিস্তানের বিভিন্ন দুর্গম পথ ও গোপন রুট তার নখদর্পনে ছিল। যার ফলে সে একশোরও বেশি জঙ্গিকে ভারতে সফলভাবে অনুপ্রবেশ করাতে সক্ষম হয়েছিল।
বাগু খানের আরও এক নামে পরিচিত ছিল, সেটা হল সামন্দর চাচা। বাগু ১৯৯৫ সাল থেকে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (PoK)-এ আশ্রয় নিয়েছিল। সে অনুপ্রবেশ ঘটনার অন্যতম বড় সংগঠক হিসেবে কাজ করে আসছিল। নিরাপত্তা সূত্রে জানা গেছে, গুরেজ সেক্টরের বিভিন্ন দুর্গম পথ ও গোপন রুট সম্পর্কে তার অসাধারণ জ্ঞান থাকায় সে ১০০-রও বেশি সফল অনুপ্রবেশের সহায়ক ছিল। এই কারণেই বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে সে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদিও সে মূলত হিজবুল মুজাহিদিন-এর কমান্ডার ছিল, তবু গুরেজ ও তার পার্শ্ববর্তী এলাকা দিয়ে অন্য সকল জঙ্গি গোষ্ঠীকেও অনুপ্রবেশে সহায়তা করত।
কী করে বাগুকে খতম করে ভারতীয় সেনা?
নওশেরা নার এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করার সময় সেনার 'অপারেশন নওশেরা নার IV'-এর অধীনে বাগুর অবস্থান জানা যায়। তারপর সেনা এবং বাগুর মধ্যে তীব্র সংঘর্ষে সে মারা যায়। ঘটনাস্থলে সেনাবাহিনী তার সঙ্গী আরেক জঙ্গিকেও নিকেশ করে।
সেনা সূত্রের মতে, বাগু খানের মৃত্যু এলাকার জঙ্গি সংগঠনগুলোর রসদ সরবরাহ ও অনুপ্রবেশ পরিকল্পনায় বড় ধাক্কা। বহু বছর নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দেওয়ার পর, শেষ পর্যন্ত তার ভাগ্য বিফলে যায়।
বাগুকে নিকেশ করার ঠিক দুদিন আগেই আরও দুই জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। জানা যায়, তারাও গুরেজ সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)