)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অন্ধ্রের ওই পুরোহিতকে মনে আছে? পরকীয়া লুকাতে যিনি খুন করেছিলেন প্রেমিকাকে! বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে প্রেমিকাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে খুন করেন ভেঙ্কট সাই সূর্য কৃষ্ণ নামে ওই পুরোহিত। তারপর প্রেমিকার দেহ একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ফেলে দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেন! এমনকি ফিরে এসে রীতিমতো মন্দিরের পুজোআচ্চা চালিয়ে যান। বেঙ্গালুরু যুগলের (Bengaluru Couple) এই ঘটনাতেও যেন সেই ঘটনারই প্রতিচ্ছবি!
কী ঘটেছে?
বেঙ্গালুরুর এক যুগল বিয়ে করার জন্য গোয়ায় ঘুরতে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই বয়ফ্রেন্ড তথা হবু স্বামী খুন করল তাঁকে (Goa Killing)। ২২ বছরের ওই তরুণীকে মৃত অবস্থায় পাওয়া যায় দক্ষিণ গোয়ার একটি জঙ্গলে। বিয়ের আগে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও একটু মজবুত করার জন্যই যুগল গোয়া ট্রিপের প্ল্যান করে বলে জানা গিয়েছে। যেখানে কোনও একটি বিষয়ে মতের অমিল থেকে কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে। আর তারপরই প্রেমিক ওই তরুণীকে খুন করে বলে অভিযোগ।
জঙ্গলের মধ্যে ওই তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়। যা থেকে অনুমান, অভিযুক্ত প্রেমিক ওই তরুণীকে গলার নলি কেটে খুন করে। তারপর দেহ দক্ষিণ গোয়ার প্রতাপ নগরের জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে যান। খুনের পর অভিযুক্ত বেঙ্গালুরুতে পালিয়ে যান। এই ঘটনায় দক্ষিণ গোয়ার পুলিস ২২ বছর বয়সী প্রেমিক সঞ্জয় কেভিন এমকে গ্রেফতার করেছে। ধৃত কর্নাটকের উত্তর বেঙ্গালুরুর বাসিন্দা। নিহত প্রেমিকা রোশনি মোজেস এম-ও ওই একই এলাকার বাসিন্দা।
পুলিসের বক্তব্য
পুলিস জানিয়েছে, সম্প্রতি ওই যুগল গোয়ায় এসেছিলেন। বেঙ্গালুরু থেকে তাঁরা বিয়ে করার জন্য গোয়ায় এসেছিলেন। কিন্তু কোনও অজানা কারণে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। তারপর ২ দিন আগে সঞ্জয় রোশনিকে হত্যা করে দেহটি জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যান। অপরাধীর ফেলে যাওয়া সূত্র ধরেই তদন্তে নামে পুলিস। দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই বেঙ্গালুরু থেকে অভিযুক্ত সঞ্জয়কে খুঁজে বের করে গ্রেফতার করে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)