)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ভাইয়া অ্যায়সা মাত কারো, মাত কারো...' চলন্ত বাইকেই যুবতীর পা চেপে ধরার চেষ্টা (Tried To Grab Her Legs) এক অ্যাপ বাইক চালকের (Rapido App Bike Driver)। যুবতী অস্বস্তিবোধ করায় বার বার বারণ করতে থাকলেও সেদিকে কোনও ভ্রূক্ষেপও করে না অ্যাপ বাইকচালক। বরং সে তার নোংরা চেষ্টা চালিয়ে যেতেই থাকে! চরম গা ঘিন ঘিন করা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru Rapido Incident)।
ফের অ্যাপ বাইক চালকের হাতে চূড়ান্ত হেনস্থার শিকার এক যুবতী। বেঙ্গালুরুর বাসিন্দা ওই যুবতীর অভিযোগ, র্যাপিডো চালক তাঁর পা ধরার চেষ্টা করছিল। চলন্ত বাইকে বসে থাকা অবস্থাতেই ঘটনাটি ঘটে। র্যাপিডো চালক তাঁর সঙ্গে নোংরামো করতে শুরু করেন। আপত্তিকর আচরণ করতে শুরু করেন। ওই যুবতী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৪টের দিকে ঘটনাটি ঘটে। ইনস্টাগ্রাম পোস্টে তিনি সেই বীভৎস অভিজ্ঞতার কথা লিখেছেন।
ওই যুবতী লিখেছেন,"চার্চ স্ট্রিট থেকে র্যাপিডো বাইকে আমার পিজিতে ফেরার সময় ক্যাপ্টেন আমার সঙ্গে অভব্যতা করেন। ক্যাপ্টেন বাইক চালানোর সময়ই আমার পা চেপে ধরার চেষ্টা করছিল। এত আকস্মিকভাবে গোটা বিষয়টি ঘটে যে আমি ব্যাপারটা প্রথমে ঠিক বুঝে উঠতেই পারিনি, রেকর্ড করা তো দূরের কথা। কিন্তু যখন সে আবার এটা করার চেষ্টা করে, তখন আমি তাকে বললাম, 'ভাইয়া, কেয়া কর রহে হো, মাত করো...' তুমি কী করছো? এটা কোরো না... কিন্তু সে থামেনি। চেষ্টা চালিয়েই যেতে থাকে।"
ওই যুবতী আরও জানিয়েছেন, তিনি বেঙ্গালুরু শহরে নতুন। তাই তিনি ওই ক্যাপ্টেনকে বাইক থামাতে বলতে পারেননি। কারণ বেঙ্গালুরুতে নতুন হওয়ায় গাড়িটি সেই মুহূর্তে কোথায় আছে, তা তিনি জানতেন না, বুঝতেও পারছিলেন না। গন্তব্যে পৌঁছানোর পর স্থানীয় একজন তাঁকে বিধ্বস্ত অবস্থায় দেখে এগিয়ে আসেন ও জিজ্ঞাসা করেন যে, কী হয়েছে। তখন তাঁকে গোটা ঘটনাটি খুলে বলেন তিনি। এরপর ওই ব্যক্তি ক্যাপ্টেনের মুখোমুখি হলে ক্যাপ্টেন ক্ষমা চেয়ে বলে যে সে আর এটা করবেন না।
কিন্তু ওই যুবতী লিখেছেন, "চলে যাওয়ার সময়, সেই ক্যাপ্টেন এমনভাবে আমার দিকে আঙুল তোলে যা আমাকে আরও ভীত করে তোলে। আমি আরও বেশি নিরাপত্তাহীনতা বোধ করতে থাকি।" ইতিমধ্যেই এই ঘটনায় ওই ক্যাপ্টেনের নামে পুলিসে অভিযোগ দায়ের করেছে যুবতী। অভিযোগের ভিত্তিতে উইলসন গার্ডেন পুলিস একটি এফআইআরও দায়ের করেছে। পাশাপাশি, অভিযোগ জানানো হয়েছে র্যাপিডোতেও। এই বিষয়ে র্যাপিডোর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)