)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহার স্কুলে মর্মান্তিক ঘটনা। টয়লেটে আগুনে ঝলসে গুরুতর আহত পঞ্চম শ্রেণির ছাত্রী। পাটনার চিতকোরা এলাকার এক সরকারি স্কুলে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। বুধবার কন্যা মধ্য বিদ্যালয় আমলটোলা স্কুলের টয়লেটে এক পঞ্চম শ্রেণির ছাত্রী নিজেকে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রীটি টয়লেটে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তারপরেই দাউ দাউ জ্বলে ওঠে।
শিক্ষক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর সময় ছাত্রীটি অচেতন অবস্থায় পড়ে ছিল। স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতাল (PMCH)-এ নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবার স্কুলে ছুটে আসে এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তোলে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।
ক্ষুব্ধ পরিবার ও স্থানীয়রা স্কুলের স্টাফ রুমে ভাঙচুর চালায় এবং পুলিসের সঙ্গেও ধস্তাধস্তি করে। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছায় গার্ডানিবাগ থানার পুলিস। পাটনা সেন্ট্রাল এসপি দীক্ষা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “ছাত্রীকে PMCH-এ ভর্তি করা হয়েছে। আমরা স্কুলকর্মী ও পরিবারের বক্তব্য নিচ্ছি। তবে ভুক্তভোগী এখনো শারীরিকভাবে বিবৃতি দেওয়ার অবস্থায় নেই।”
ঘটনায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে শহরের অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। পুলিস সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ছাত্রীটির সহপাঠীদের সঙ্গে কথা বলে ঘটনার আগে তার মানসিক অবস্থার খোঁজ নেওয়ার চেষ্টা করছে। এক সিনিয়র পুলিস আধিকারিক জানিয়েছেন, কীভাবে স্কুলের টয়লেটের মধ্যে দাহ্য পদার্থ পেল সে তা খতিয়ে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)