)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারে ফের গণপিটুনির ভয়ঙ্কর ঘটনা সামনে এল। রাজ্যের একটি গ্রামে প্রবীণ এক দম্পতিকে অমানবিক নির্যাতনের শিকার হতে হল। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দম্পতিকে মারধর করা হয়, জোর করে প্রস্রাব খাওয়ানো হয় এবং গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রামে ঘোরানো হয়। এই নির্যাতনের জেরে ৭০-এর স্বামীর মৃত্যু হয়েছে, আর স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই চালাচ্ছেন।
ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্রামের কিছু লোক কোনও বিরোধের জেরে দম্পতির উপর হামলা চালায়। প্রথমে নির্মমভাবে তাদের পেটানো হয়, পরে অপমানজনকভাবে গলায় জুতোর মালা পরানো হয়। নির্যাতনের সময় গ্রামের অনেকেই উপস্থিত থাকলেও, কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসেনি। বর্তমানে মহিলা হিজুয়া কমিউনিটি হেলথ সেন্টারে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিজুয়া থানার অন্তর্গত গ্রামে বসবাসকারী ওই দম্পতিকে প্রথমে চরম অপমানজনকভাবে গ্রামবাসীরা প্রকাশ্যে হেনস্থা করে। জোর করে মাথা মুড়িয়ে দেওয়া হয়, শরীরে চুন মাখিয়ে দেওয়া হয় এবং গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। এখানেই শেষ নয়, তাঁদের প্রস্রাব খাওয়ানো হয় এবং পরে লাঠি-রড দিয়ে নির্মমভাবে প্রহার করা হয়।
পুলিস সূত্রে খবর, মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় মানবাধিকার সংগঠন ও সামাজিক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছে, “এমন বর্বরোচিত ঘটনাকে কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)