)
জি ২৪ ঘণ্টা জিডিজাল ব্যুরো: শুনলে হয়তো বিশ্বাসই করবেন না। বাছুর থাকে বহুতলের ২৮ তলায়। নাম অ্যালেক্স। তিন মাসের ওই বাচ্চা থাকে তামিলনাড়ুতে বঙ্গোপসাগরমুখি ২৮ তলার এক বহুতলে। তাকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অ্যালেক্সের মালিক জানিয়েছেন, কীভাবে তিনি অ্যালেক্সকে পেলেন। কীভাবে তাঁকে নিয়ে একই ফ্ল্যাটে রয়েছেন।
সাই ভিগনেশ নামে এক ইনস্টগ্রাম ইউজার তার অ্যাকাউন্টে অ্যালেক্সের ভিডিয়ো পোস্ট করে তার সম্পর্কে অনেককিছু জানিয়েছেন। সাই জানিয়েছেন তিনি একজন পশুপ্রেমী। নিজের সন্তানের মতোই পালন করেন অ্যালেক্সকে।
একটি ভিডিয়োতে সাই জানিয়েছেন, একটি কার অ্যাক্সিডেন্টে গুরুতর জখম হয়েছিল অ্যালেক্স। নড়তে চড়তে পারছিল না। তার চিকিত্সা করার জন্য তিনি তাকে বাড়িতে নিয়ে আসেন। সেইসময় অ্যালেক্সের বয়স ছিল মাত্র ১ মাস।
সাইয়ের বাড়িতে বহাল তবিয়তেই রয়েছে অ্যালেক্স। বাড়ির কুকুরটি সঙ্গে তার খুব ভাব। তার সঙ্গে খুনসুটি করে। তার গায়ে মাথা রেখে ঘুমায়। সাই জানিয়েছেন, অ্যালেক্সের স্বভাব খুবই ভালো, শান্ত, ভদ্র। সারা ঘর ঘোরাফেরা করে। বিকেলে বারান্দায় বসে সূর্যাস্ত দেখে। সমুদ্রের হাওয়া খায়।
সোশ্যাল মিডিয়া তোলপাড়
ওই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে। সবাই অবাক ২৮ তলায় গোরু! কেউ লিখেছেন, ওই গোরু যখন বড় হয়ে যাবে তখন ফ্ল্যাটে বা লিফটে জায়গা হবে কীভাবে? কীভাবে ওকে নিচে নামাবেন? অন্য একজন লিখেছেন, খুবই মিষ্টি গোরু। উদ্ধারকারীকে ধন্যবাদ। বিশাল কাজ করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)