)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: CAA বা নাগরিকত্ব সংশোধন আইনের আওতায় বাড়ানো হল সময়সীমা (CAA Cut-Off Extended)। ২০২৪-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে প্রবেশকারী অভিবাসীরা নাগরিকত্ব সংশোধন আইন (CAA)-এর আওতায় ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship) আবেদনের জন্য যোগ্য। বিজ্ঞপ্তি জারি করে জানাল স্বরাষ্ট্র মন্ত্রক।
২০১৯ সালের ডিসেম্বরে এই সিএএ (Citizenship Amendment Act) আইন পাস হয়। এই আইনের অধীনে ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে পালিয়ে আসা আসা অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে। এর আগে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই তারিখ নির্ধারণ করা হয়েছিল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক জানায় যে, তিন প্রতিবেশী দেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিরা, যাঁরা ২০২৪-এর ৩১ ডিসেম্বর তারিখে বা তার আগে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের যদি বৈধ পাসপোর্ট না থাকে, বা যদি বৈধ নথির মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে, তবে তাঁরা CAA-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও ব্যক্তি- তিনি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান যে-ই হোন- যাঁরা ধর্মীয় নিপীড়নের কারণে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, সেরকম ক্ষেত্রে ২০২৪-এর ৩১ ডিসেম্বর তারিখে বা তার আগে বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছেন বা মেয়াদোত্তীর্ণ নথি সহ দেশে আছেন, তাঁদের বৈধ পাসপোর্ট এবং ভিসার প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি দেওয়া হবে। CAA-এর আওতায় তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)