)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরোধীদের প্রবল চিত্কারেও নড়ানো যায়নি কেন্দ্রকে। তবে টানা ৮ বছর পর এতদিনে জিএসটির হারে সংস্কার আনল মোদী সরকার। আর ৪টি স্ল্যাবে জিএসটি নয়, নেওয়া হবে মূলত ২টি স্ল্যাবে। ৫ এবং ১৮ শতাংশ হারে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে জিএসটি নেওয়া হবে ৪০ শতাংশ হারে। ভালো খবর হল স্বাস্থ্য ও জীবন বিমায় জিএসটি মকুব। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকর হবে। এর ফলে বহু পণ্যের দাম কমছে, আবার বাড়ছে কিছু জিনিসের দাম।
দাম বাড়বে কিসে
দাম বাড়ছে কয়লার। কারণ সেখানে জিএসটি হচ্ছে ১৮ শতাংশ। আগে এই হার ছিল মাত্র ৫ শতাংশ।
পানীয় বিশেষ করে কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে। সেখানে জিএসটি হচ্ছে ৪০ শতাংশ। দাম বাড়ছে পান মশলার।
সিগারেট, তামাক, চুরুটের দাম বাড়ছে। সেখানে জিএসটির হার ৪০ শতাংশ।
বিলাসবহুল গাড়ি, দামী বাইক, প্রাইভেট জেট ও রেসিং কারের উপরে ৪০ শতাংশ জিএসটি বসছে।
কমবে কিসের দাম
এসি, টিভি, ছোট গাড়ি, সাড়ে তিনশো সিসির নীচে বাইকের দাম। এক্ষেত্রে জিএসটি নেওয়া হবে ১৮ শতাংশ হারে।
কেন্দু পাতার উপরে জিএসটি ১৮ শতাংশ থেকে কমে হচ্ছে ৫ শতাংশ। ফলে দাম কমবে বিড়ির। পাশাপাশি বিড়ির উপরে ২৮ শতাংশ জিএসটি কমে হচ্ছে ১৮ শতাংশ।
পাউরুটি, ছানা, দুধের উপর থেকে জিএসটি তুলে নেওয়া হচ্ছে। আগে এসব জিনিসের উপরে জিএসটি ছিল ৫ শতাংশ। এছাড়া কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, চিজের উপরে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।
জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে রান্না করা মাংস, পাস্তা, নুডলস, চিনি ও মাংসে। সবজির উপরে জিএসটিও কম করা হয়েছে।
মাত্র ৫ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে কেক, পেস্ট্রি, আইসক্রিম, চকোলেট, মিছরি, মধুতে।
অ্যামোনিয়া, বিভিন্ন ধরনের অ্যাসিডের উপরে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
স্বাস্থ্য ও জীবন বিমায় জিএসটি মকুব করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)