জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাস্তা, শহরের নাম বদলের পর এবার একশো দিনের কাজ প্রকল্প মনরেগার(MGNREGA)নাম বদলে দিতে চলেছে মোদী সরকার। এনিয়ে বিল আসছে সংসদে। মনরেগার পরিবর্তে যে নামকরণ করতে চলেছে কেন্দ্র সেখানে মুছে ফেলা হচ্ছে মহাত্মা গান্ধীর নাম। অত্যন্ত সুকৌশলে নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে 'রাম' নাম।
Add Zee News as a Preferred Source
আমজনতা যে একশো দিনের প্রকল্পের কথা জানে তার নাম আসলে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্য়ারান্টি স্কিম বা মনরেগা(MGNREGA)। সেই নাম বদল করে করা হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড অজিভিকা মিশন(গ্রামীন)। ছোট করে এটিকে বলা হচ্ছে ভি বি জি রাম জি(VB G RAM G)। অর্থাত্ এখানেও রাম-কে ঢুকিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত কায়দা করে। সংসদে ওই বিল আনা হচ্ছে। বিজেপি সাংসদদের হ্যুইপ জারি করে বলে দেওয়া হয়েছে ওই পিল পেশ হলে সংসদে হাজির থাকতেই হবে।
মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলে মনরোগা-র এমন নাম বদল কেন? সরকারের তরফে যুক্তি হয় বিকশিত ভারত ২০৪৭ ভিসন-এর কথা মাথায় রেখে নতুন নামকরণ করা হয়েছে। ২০০৫ সালে কেন্দ্রে তখন ক্ষমতায় ইউপিএ সরকার। সেইসময় দেশের গরিব মানুষের জন্য বছরে একশো দিনের কাজ নিশ্চিত করা হয়। তার জন্য কেন্দ্র নিয়ে আসে একটি প্রকল্প। নাম দেওয়া হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্য়ারান্টি স্কিম বা মনরেগা। গত ২ দশক ধরে দেশের গ্রামীন এলাকায় সাধারণ মানুষের জন্য এই প্রকল্প একটি বিশাল ভূমিকা পালন করেছে। ওই প্রকল্পের অধীনে গ্রামীন এলাকায় পুকুর কাটানো থেকে শুরু করে রাস্তা তৈরির কাজ হয়েছে ব্যাপক হারে। এনিয়ে অবশ্য কোনও কোনও মহলে বিরোধী যুক্তিও রয়েছে।
আরও পড়ুন- বিশৃঙ্খলায় ক্ষুব্ধ মেসি, মাঠ ছাড়ার সময় সৌরভ বলেছিলেন, 'প্লিজ.....'
আরও পড়ুন-রক্তাক্ত সিডনির বিচ, ইহুদিদের ধর্মীয় উত্সবে ২ বন্দুকধারীর তাণ্ডবে নিহত কমপক্ষে ১২
বাড়ছে কাজের দিন
এখন মোদী সরকার ওই মনরেগা প্রকল্পকে কাটাছোঁড়া করেছে কেন? মোদী সরকারের একাধিক যুক্তি রয়েছে। প্রকল্পের নিয়মে বদলও করা হয়েছে অনেককিছু। তার মধ্যে ওই ভিসন ২০৪৭ এর যুক্তি। পাশাপাশি একশো দিনের কাজ প্রকল্পে কাজের দিন ১০০ থেকে বাড়িয়ে করা হচ্ছে ১২৫ দিন। পাশাপাশি কাজের টাকা পাওয়া যাবে এক সপ্তাহের মধ্যে কিংবা কাজ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে। আবার ওই ১৫ দিনের মধ্যে যদি পেমেন্ট পাওয়া না যায় তাহলে আন এমপ্লয়মেন্টে অ্য়ালাউন্স বা বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা থাকবে।
মজুরিতে থাকছে রাজ্যের ভাগ
বর্তমানে এই প্রকল্পের জন্য যে মজুরি দেওয়া হয় তার ১০০ শতাংশ দেয় কেন্দ্রে। এবার সেই হারে কিছু বদল আসছে।
উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলি, হিমালয় সংলগ্ন রাজ্যগুলি ও কেন্দ্র শাসিত রাজ্যগুলির ক্ষেত্রে মজুরির ৯০ শতাংশ দেবে কেন্দ্র। বাকী ১০ শতাংশ দিতে হবে রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলকে।
অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ৬০ শতাংশ দেবে কেন্দ্র, মজুরির বাকী ৪০ শতাংশ দেবে রাজ্য।
যেসব কেন্দ্রশাসির অঞ্চলে বিধানসভা নেই সেখানে মজুরির পুরোটাই দেবে কেন্দ্র।
এই বিলের প্রতিলিপি লোকসভার সদস্যদের সরবরাহ করা হয়েছে এবং এটি সংসদে পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদের শীতকালীন অধিবেশন ১ ডিসেম্বর শুরু হয়েছে এবং ১৯ ডিসেম্বর শেষ হবে।
কেন্দ্রের ওই উদ্য়োগ নিয়ে ইতিমদ্যেই সরব হতে শুরু করেছে বিরোধী শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মনরেগা প্রকল্পের নাম বদল। মহাত্মা গান্ধীজির নাম পুরো মুছে ফেলছে মোদী সরকার? নতুন বিলে 'পুজ্য বাপু' নামও রাখা হচ্ছে না। সুকৌশলে 'রাম' নাম উল্লেখ করা হয়েছে? ভিবি- জি রাম জি- বিল। আগামিকাল সংসদে পেশ করা হতে পারে এই বিল। এটা সত্যি হলে প্রবণতা মারাত্মক। গান্ধীজীর নাম মুছে ফেললে তীব্র প্রতিবাদ হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)