)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেকার স্বামীকে তাচ্ছিল্য, খোঁটা! যার জেরে স্ত্রীকে ডিভোর্স দিতে চাইলেন স্বামী (Husband-Wife Marital Dispute)। সেই মামলারই রায় দিল হাইকোর্ট। দম্পতির ডিভোর্স মঞ্জুর করল হাইকোর্ট।
তবে প্রশ্ন উঠতেই পারে, এই সামান্য কারণে স্বামী-স্ত্রী ডিভোর্সড। কারণ কথায় আছে, একটা সম্পর্ক ভাঙা খুবই সহজ, কিন্তু গড়া ততটাই কঠিন। কিন্তু এক্ষেত্রে ছত্তীসগঢ় হাইকোর্ট(Chhattisgarh High Court) নজিরবিহীন রায় দিলেন। হাইকোর্ট বলেছে, আর্থিক দুর্দিনে স্বামীর চাকরি না থাকার জন্য অপমান করে বা কটূক্তি করে। তাহলে সেটি মানসিক নির্যাতনের মধ্যে পড়ে এবং ডিভোর্সের গ্রহণযোগ্য কারণ হতে পারে।
ছত্তীসগঢ়ের দুর্গ জেলার ৫২ বছর বয়সী এক আইনজীবীকে এই মামলায় ডিভোর্সের অনুমতি দিয়েছে। বিচারপতি রাজনী দুবে ও বিচারপতি অমিতেন্দ্র কিশোর প্রসাদের ডিভিশন বেঞ্চ ২০২৩ সালের অক্টোবরে নিম্ন আদালতের দেওয়া এক রায় বাতিল করে এই আদেশ দেয়। আগের রায়ে পারিবারিক আদালত স্বামীর ডিভোর্সের চাওয়া আবেদন খারিজ করেছিল।
হাইকোর্ট উল্লেখ করেছে যে, স্ত্রী যেভাবে বিনা কারণে স্বামী ও ছেলেকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর্থিক কষ্টের সময় স্বামীকে অপমান করেছিলেন এবং আদালতের শুনানিতে অংশ নেননি-এই সমস্ত বিষয়গুলি হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী 'নির্যাতন' ও 'পরিত্যাগ'-এর আওতায় পড়ে। তাই ডিভোর্সের যথাযথ ভিত্তি রয়েছে। হাইকোর্ট বলে, 'একজন জীবনসঙ্গীর ব্যবহার, যেমন অহেতুক ঝগড়া বা অযৌক্তিক দাবি- মানসিক নির্যাতনের মধ্যে পড়ে এবং এর ফলে ডিভোর্স মঞ্জুর করা যেতে পারে।'
এই দম্পতি ২৬ ডিসেম্বর, ১৯৯৬ সালে ভিলাই শহরে বিয়ে করেছিলেন। তাদের এক ১৯ বছরের মেয়ে ও ১৬ বছরের এক ছেলে রয়েছে। আদালতের নথি অনুযায়ী, স্বামী স্ত্রীকে পিএইচডি করতে সাহায্য করেছিলেন এবং স্কুলের প্রধান শিক্ষিকা হওয়ার পথেও সহযোগিতা করেছিলেন। তবে স্বামীর আইনজীবীর দাবি, সময়ের সঙ্গে স্ত্রী ক্রমেই ঝগড়ুটে হয়ে ওঠেন এবং ছোট ছোট বিষয়ে লড়াই করতেন। মহামারির সময় যখন স্বামীর উপার্জন কমে যায়, তখন স্ত্রী তাঁকে এই নিয়ে অপমান করতেন। ২০২০ সালের আগস্টে এক বাকবিতণ্ডার পর স্ত্রী মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। স্বামী ও ছেলে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তিনি ফিরতে অস্বীকার করেন। এরপর ১৬ সেপ্টেম্বর, ২০২০ থেকে তাঁরা আলাদা থাকছেন।
আদালত জানায়, এই বৈবাহিক সম্পর্ক 'অপরিবর্তনীয়ভাবে ভেঙে গেছে' এবং স্ত্রীর বারবার অনুপস্থিতি, বোঝাপড়ার চেষ্টা উপেক্ষা করা এবং আদালতের শুনানি এড়িয়ে যাওয়া-সবই সম্পর্ক শেষ করার ইঙ্গিত দেয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)