Chhattishgarh Incident: মুরালির মাথার ওপর ৩০ লক্ষ টাকার ঋণ মেটানোর চাপ তো ছিলই । এই অবস্থায় সম্প্রতি মুরালি বেঙ্গালুরুর হাসপাতালে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং মাত্র ১৫ দিন আগে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'তুমি কী করছ পাভানি? দুপুরের খাবার খেয়েছ? ছেলে-মেয়ে কী খেয়েছে? বাবার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। আমাদের তাঁর যত্ন নিতে হবে । বোনের বিয়েও দিতে হবে ৷ খুব সুন্দর একটা বাড়ি তৈরি করব আমরা ৷ আমাদের সন্তানদের ভালোভাবে বড় করতে হবে...৷'
এভাবেই ফোনে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে বলতে সার্ভিস রিভলবার দিয়ে নিজেকে গুলি করে জীবন শেষ করলেন সিআরপিএফ জওয়ান ৷
CRPF Jawan-এর আত্মহত্যা:
মৃতের নাম কাঞ্চুকুন্ত মুরালি (৩০) ৷ সোমবার রাত ১০টা নাগাদ ছত্তিশগড়ের রায়পুরে ৬৫ সিআরপিএফ ব্যাটালিয়ন ক্যাম্পে ঘটনাটি ঘটেছে। ফোনের অন্য প্রান্তে থাকা স্ত্রী গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দ শুনে মুরালি এক সহকর্মী জওয়ানও ঘটনাস্থলে ছুটে আসেন ৷ তিনি এসে দেখেন মুরালি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পুলিসের প্রাথমিক অনুমান, আর্থিক অনটন ও ঋণের বোঝার কারণেই নিজের জীবন শেষ করে দিতে বাধ্য হন সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার শিবপুরমকোট্টমে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
কেন এমন হল:
জানা গিয়েছে, কাঞ্চুকুন্ত মুরালি অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার কানাগনাপল্লি মণ্ডলের শিবপুরমকোট্টমের বাসিন্দা ৷ ২০১৭ সালে সিআরপিএফ-এ যোগ দেন। পাঁচ বছর আগে অনন্তপুর শহরের তরুণী লোকপাভানিকে প্রেম করে বিয়ে করেন। এই দম্পতির দুটি ছোট সন্তান রয়েছে৷ মুরালি ছিলেন তাঁর পরিবারের একমাত্র রোজগেরে ৷ তাঁর রোজগারেই চলত সংসার ৷ বাড়ির অবস্থা ভালো ছিল না৷ মুরালির বাবা মুত্যালান্না ত্বকের ক্যানসারে আক্রান্ত৷ বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার খরচের জন্য পরিবার ৩০ লক্ষ ঋণ নিয়েছিল। মুরালির বোনের বিয়ের ঠিক হয়েছে, যা মানসিক ও আর্থিক চাপ বাড়িয়েছিল সিআরপিএফ জওয়ানের।
চার মাস আগে পরিবারের পরিস্থিতি আরও খারাপ হয় ৷ মুরালির নামে থাকা একটি গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ে ৷ সেই ঘটনায় একজন নিহত হন । যদিও মুরালির বন্ধু গাড়িটি চালাচ্ছিলেন তবে মৃতের পরিবার ১৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দাবি করে। সেসময় মুরালি বাবার চিকিৎসার জন্য রাখা ৪ লক্ষ টাকাও নিয়ে নেয় নিহতের পরিবার। পাশাপাশি মুরালির মাথার ওপর ৩০ লক্ষ টাকার ঋণ মেটানোর চাপ তো ছিলই । এই অবস্থায় সম্প্রতি মুরালি বেঙ্গালুরুর হাসপাতালে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং মাত্র ১৫ দিন আগে সেখান থেকে ফিরে তিনি কাজে যোগ দিয়ে ছিলেন । আর এরপরেই সোমবার ঘটল এই মর্মান্তিক ঘটনা ৷ সার্ভিস রিভলবার দিয়ে নিজের প্রাণ কাড়লেন যুবক ৷
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)