)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মন্দিরের প্রসাদ বিতরণ নিয়ে বিরোধ। আর সেই বিরোধের সময়ই মন্দিরের এক সেবায়েতকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটল দিল্লির বিখ্যাত কালকাজি মন্দিরে। দক্ষিণ-পূর্ব দিল্লির কালকাজি মন্দিরে 'চুন্নি প্রসাদ' নিয়ে বিরোধের সময়ই দর্শনার্থীদের একটি দলের সঙ্গে বিরোধ বাধে। সেই বিরোধের জেরে দর্শনার্থীদের দল মারধর করে ওই সেবায়েতকে। যার জেরে মৃত্যু হয় ওই সেবায়েতের।
মৃতের নাম, যোগেন্দ্র সিং। বয়স ৩৫ বছর। প্রায় ১৪ থেকে ১৫ বছর ধরে যোগেন্দ্র সিং দিল্লির কালকাজি মন্দিরে সেবা করছিলেন। মূলত উত্তর প্রদেশের হরদইয়ের ফত্তেপুরের বাসিন্দা যোগেন্দ্র সিং। পুলিস সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ মন্দির প্রাঙ্গণের ভিতর হামলার খবর আসে। ফোন পেয়ে এরপরই পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। মন্দিরে পৌঁছে অফিসাররা দেখতে পান, 'চুন্নি প্রসাদ' নিয়ে বিরোধের জেরে দর্শনার্থীদের ওই দলটি যোগেন্দ্র সিংয়ের উপর লাঠি নিয়ে চড়াও হয়। কিল, চড়, ঘুষি মারে।
মারধরের চোটে গুরুতর আহত হন যোগেন্দ্র সিং। এরপর তাঁকে এইমস ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলেও, তিনি মারা যান। অভিযুক্তদের মধ্যে একজন অতুল পান্ডে (৩০) দক্ষিণপুরীর বাসিন্দা। তাকে স্থানীয়রা ধরে পুলিসের হাতে তুলে দেন। এই ঘটনায় কালকাজি থানায় খুনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিস জানিয়েছে, বাকি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)