জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে (Delhi Red Fort Blast) প্রাণ হারান ১২ জন। তদন্তে বেরিয়ে আসে এই নাশকতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল অভিযুক্ত জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডা. উমর নবি (doctor Umar Nabi)। বিস্ফোরণস্থলের কাছে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ডা. উমর নবির ছবি। দেখা যায়, ঘাতক i20-র জানলায় হাত দিয়ে বসে আছে ডা. উমর নবি। এছাড়া, ঘটনার দিন দিল্লির একাধিক জায়গার সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়ে ডা. উমর নবির ছবি। তবে, ডা. উমর নবি-ই ঘাতক i20 চালাচ্ছিলেন কিনা? নাকি গাড়ি অন্য কেউ চালাচ্ছিল? ডা. উমর নবি-র সঙ্গে আরও কেউ সহযোগী ছিল? সেই বিষয়ে নিশ্চিত হতে পারছিলেন না তদন্তকারীরা। তাই আত্মঘাতী জঙ্গির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে, ডিএনএ পরীক্ষা করেন তদন্তকারীরা। আর তাতেই বেরিয়ে আসে দিল্লি বিস্ফোরণের ভয়ংকর সত্যি... ডা. উমর নবি-ই চালাচ্ছিল ঘাতক i20! যে ঘাতক i20 ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
Add Zee News as a Preferred Source
পুলিস জানিয়েছে, কাশ্মীরের পুলওয়ামায় ডা. উমর নবি-র পরিবারের সদস্যদের কাছ থেকে নেওয়া ডিএনএ নমুনা ও ঘাতক থেকে উদ্ধার হওয়া দেহাংশের ডিএনএ পরীক্ষার রিপোর্ট হুবহু মিলে গিয়েছে। যা নিশ্চিত করে যে ডা. উমর নবি-ই হুন্ডাই i20 গাড়িটি বিস্ফোরণের সময় চালাচ্ছিল। বিস্ফোরণে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায়, তদন্তকারীরা ডা. উমর নবিকে মূল অভিযুক্ত হিসেবে শনাক্ত করলেও, এতদিন পর্যন্ত তার পরিচয় সম্পর্কে অনিশ্চিত ছিলেন। তদন্তকারীরা আরও জানিয়েছেন, 'ফিঁদায়ে' ডা. উমর নবি বিস্ফোরণের মাত্র ১১ দিন আগে হামলায় ব্যবহৃত সাদা হুন্ডাই i20 গাড়িটি কেনে।
পাশাপাশি, তদন্তকারীরা ডা. উমর নবির সঙ্গে ফরিদাবাদ, লখনউ এবং দক্ষিণ কাশ্মীরের মধ্যে গড়ে ওঠা জৈশ-এ-মোহম্মদের (জেইএম) একটি লজিস্টিক মডিউলের যোগসূত্রও খুঁজে পেয়েছেন। এই দলে ৯ থেকে ১০ জন সদস্য ছিল বলে অভিযোগ। যাদের মধ্যে ৫ থেকে ৬ জন চিকিৎসক। যারা তাদের মেডিকেল যোগ্যতাকে ব্যবহার করে বিস্ফোরক তৈরির জন্য রাসায়নিক এবং বিভিন্ন উপকরণ সংগ্রহ করে। প্রসঙ্গত, তদন্তে আগেই সামনে এসেছে যে 'ফিদায়েঁ' ডা. উমর নবি 'হোয়াইট কলার' সন্ত্রাসী চক্রের জন্য গ্রেফতার আল ফালাহ মেডিক্যাল কলেজেরই চিকিৎসক আদিল আহমেদ রাথের ও চিকিৎসক মুজাম্মিল শাকিলের খুব কাছের সহযোগী ছিল।
ফরিদাবাদের একটি গোডাউন থেকে প্রায় ২,৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের পর ও ডা. আদিল এবং ডা. শাকিলের গ্রেফতারির পর আতঙ্কিত হয়ে পড়ে ডা. উমর নবি। পালিয়ে যায় ফরিদাবাদ থেকে। ৯ নভেম্বর থেকেই ডা. উমর নবি নিখোঁজ ছিল। ১০ নভেম্বর সন্ধ্য়ায় সে দিল্লিতে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায়।
আরও পড়ুন, Delhi Mahipalpur Blast: ফের দিল্লিতে বিস্ফোরণ! বিকট শব্দ...ছুটে গেল দমকল, তোলপাড় রাজধানী...
আরও পড়ুন, Delhi Red Fort Blast: ২০০৫-র বিস্ফোরণ কেড়েছে বাবাকে... বাবার LIC-র কাজ সেরে ফেরার পথেই লালকেল্লার বিস্ফোরণ! ২ ভাইবোন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)