)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বোমাতঙ্ক রাজধানীতে। এবার বোমার হুমকি এল স্কুলে। অন্তত ৫০টিরও বেশি স্কুলে একসঙ্গে বোমা হামলার হুমকির ই-মেল (Bomb threats to over 50 Delhi schools) আসায় আতঙ্ক ছড়াল রাজধানীজুড়ে। কোন কোন স্কুলে হুমকি দেওয়া হয়েছে তা স্পষ্ট না হলেও, এর মধ্যে একটি স্কুল মালব্য নগরে এবং অন্যটি নজফগড়ে রয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, রাহুল মডেল স্কুল, দ্বারকার ম্যাক্সফোর্ট স্কুল, মালব্য নগরের এসকেভি, প্রসাদ নগরের অন্ধ্র স্কুল ছাড়াও আরও বহু স্কুলে হুমকি ইমেল এসেছে। এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হল। জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির হৌজ রানি এলাকায় সর্ভোদয়া কন্যা বিদ্যালয় -এও একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছে। সকালেই স্কুলে স্কুলে পৌঁছে যায় বোম্ব স্কোয়াড ও নিরাপত্তারক্ষীরা।
হুমকি ই-মেলকে ঘিরে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চূড়ান্ত আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ, ডগ স্কোয়াড, বোম স্কোয়াড এবং অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালাচ্ছে। এর আগেও গত ১৮ অগস্ট দিল্লির দ্বারকার তিনটি স্কুল-সহ মোট ৩২টি স্কুলে একইভাবে বোমা হুমকির ই-মেল পাঠানো হয়েছিল। আতঙ্কে পড়ুয়াদের সরিয়ে নিতে হয়েছিল স্কুল কর্তৃপক্ষকে।
পুলিস সূত্রে খবর, কোনও স্কুলে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। তবে ইমেলগুলি ‘ভুয়ো’, সেই দাবি এখনই করতে নারাজ পুলিস। কে বা কারা এই ইমেল করল, তা এখনও জানা যায়নি। পুলিশের মতে, বোমাতঙ্ক কাটার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। সূত্রের খবর, সকাল ৭.৪০ থেকে ৭.৪২ এর মধ্যে হুমকি ইমেল গুলি আসে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)