)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আমি ওকে মৃত দেখতে চাই...' স্বামীকে নিয়ে ঠিক এমনটাই দাবি এক স্ত্রীর! দাবি এক পিতৃহারা মেয়ের! যার বাবাকে নাকি পুড়িয়ে মেরে ফেলেছে তাঁর স্বামী। হাড়হিম করে দেওয়া চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির বুকে। হতভাগ্য বাবার 'অপরাধ' ছিল, জামাইয়ের অত্যাচারের হাত থেকে তিনি তাঁর মেয়েকে রক্ষার চেষ্টা করেছিলেন! তাই বৃদ্ধ শ্বশুরকেই পুড়িয়ে মেরে ফেলে জামাই।
মৃতের নাম রণবীর সিং। বয়স ৬০ বছর। পেশায় অটোচালক। ১৬ অগাস্ট ভোরে গাজীপুর পুলিস স্টেশনে একটি ফোন আসে যে একজন প্রৌঢ়ের গায়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে যায় পুলিস। প্রায় ৮০ শতাংশেরও বেশি দগ্ধ অবস্থায় ওই বৃদ্ধকে প্রথমে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে সেখান থেকে সফদরজং হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার তিনি মারা যান। পুলিসের কাছে মৃত্যুকালীন জবানবন্দিতে ওই প্রৌঢ় জামাইয়ের হাতে বছরের পর বছর ধরে মেয়ের নির্যাতনের কথা বলেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, রণবীর সিংয়ের মেয়ে নিশার সঙ্গে ৮ বছর আগে বিয়ে হয় সন্দীপের। বিয়ের পর থেকেই শুরু নির্যাতন। মদ্যপান করে এসে নিশার উপর অত্যাচার করত সন্দীপ। ১৫ অগাস্টও এই নিয়ে স্বামী সন্দীপের সঙ্গে নিশার ঝগড়া হয়। স্বামীর সঙ্গে ঝগড়ার পরই নিশা তাঁর বাপের বাড়িতে চলে আসেন। পরের দিনই সন্দীপ এসে হাজির হয় শ্বশুরবাড়িতে। স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। কিন্তু সন্দীপের শ্বশুর, নিশার বাবা রণবীর সিং তা প্রত্যাখ্যান করেন। অভিযোগ, এতে সন্দীপ এতটাই রেগে যান যে তিনি রণবীর সিংয়ের গায়ের উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান রণবীর সিং।
এই ঘটনায় নিশার বক্তব্য, নিশার দাবি একটাই। কান্নায় ভেঙে পড়ে নিশা বলেন, "আমি সন্দীপের সঙ্গে খুশি ছিলাম না। তাই আমার বাবা আমাকে ওর সঙ্গে যেতে বারণ করে। এতে আমার স্বামী সন্দীপ রেগে গিয়ে আমার বাবার গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আমার স্বামী আমাকেও একবার মেরে ফেলার চেষ্টা করেছিল। এখন আমার বাবাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। ওর ফাঁসি দেওয়া উচিত। আমি ওকে মৃত দেখতে চাই।"
জানা গিয়েছে, সন্দীপ বরাবরই হিংস্র স্বভাবের। কয়েকদিন আগে সে বাড়িতে গ্যাস সিলিন্ডার খোলার চেষ্টা করে। এমনকি মাকেও মারধর করে। মাদকাসক্ত সন্দীপ। গাজিয়াবাদের বিজয় নগরের মডার্ন স্কুলে মালি হিসেবে কাজ করত। কিন্তু ঘটনার পর ১০ দিন ধরে তাকে সেখানে দেখা যায়নি। পুলিস স্কুলে গিয়ে তার সম্পর্কে সতর্ক করে। শেষে খুনের অভিযোগে অভিযুক্ত ৩২ বছর বয়সী সন্দীপকে গ্রেফতার করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)