)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ! এবার গ্রেফতার রাজস্থানের DRDO-র গেস্ট হাউস ম্যানেজার। তার মাধ্যমে আইএসআইয়ের হাতে চলে গিয়েছে নানা গুরুত্বপূর্ণ তথ্য। এমনই চাঞ্চল্যকর দাবি রাজস্থান সিআইডির। ধৃতের নাম মহেন্দ্র প্রসাদ। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (DRDO) জয়সলমের গেস্ট হাউজে চুক্তিভিত্তিক ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি।
ভারতের বেশ কিছু সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই সব তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থানের সিআইডি আইজি বিষ্ণুকান্ত এই গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্বাধীনতা দিবসে নাশকতা বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে দিকে কড়া নজর রাখা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও চলছে। সেই সময়ই নজরে আসে মহেন্দ্রর বিষয়টি।
বুধবার ধৃতকে আদালতে পেশ করা হবে। তাঁকে হেফাজতে নিয়ে আরও নানা তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। ডিআরডিও বিজ্ঞানীদের গতিবিধি, গবেষণা ও সেখানে আসা ভারতীয় সেনা অফিসারদের নাম ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন তিনি, অভিযোগ এমনটাই। এরপরই দ্রুত গ্রেপ্তার করা হয় মহেন্দ্রকে। তাঁর মোবাইল ফোনটি খুঁটিয়ে দেখা হচ্ছে।
গেস্ট হাউস রাজস্থানের জয়সলমীরের চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জে। ৩২ বছর বয়সি মহেন্দ্রর বাড়ি উত্তরাখণ্ডের আলমোড়ার পালিয়ুঁতে। গেস্ট হাউসের অস্থায়ী ওই কর্মীকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিসের সিআইডি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। তবে তাকে কে গুপ্তচরবৃত্তির কাজে লাগিয়েছিলেন তা এখনও গোয়েন্দাদের কাছে স্পষ্ট নয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)