)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ড্রিম ১১-র (Dream11) সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। অনলাইন গেমিং বিল (RMG ban) পাশ হওয়ার পর কানাঘুষো শোনা যাচ্ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ‘ড্রিম ১১’ সরে দাঁড়াচ্ছে। কিন্তু তার আগেই সিলমোহর দিয়েছে বিসিসিআই। সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে পাশ হওয়া ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’-এর সুবাদে বন্ধ হতে পারে ড্রিম ১১, মাই ১১ সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি। এর জেরে ড্রিম ১১-র কর্মচারিদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিসিসিআই ও ড্রিম ১১-র সম্পর্ক ছিন্ন হওয়ায় চাকরি হারানোর ভয়ে রয়েছেন অনেকে। তবে কর্মীদের আশ্বস্ত করে Dream11-এর সহ-প্রতিষ্ঠাতা হর্ষ জৈন জানিয়েছেন, সরকারের নতুন নিয়মে ব্যবসায়িক চ্যালেঞ্জ তৈরি হলেও সংস্থায় কোনও ধরনের ছাঁটাই (layoff) হবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “All the talent here is safe” — অর্থাৎ সংস্থার প্রতিটি কর্মীই সুরক্ষিত।
তিনি আরও জানান, ড্রিম ১১ শুধুমাত্র একটি ব্যবসা নয়, বরং একটি টিম—আর সেই টিমকে শক্তিশালী রাখাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে অনলাইন গেমিং সংক্রান্ত নতুন নীতি কার্যকর হয়েছে, যা একাধিক স্টার্টআপ ও প্ল্যাটফর্মকে সংকটের মুখে ফেলেছে। তবে ড্রিম ১১-এর আশ্বাসে অন্তত কর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের মাঝামাঝি থেকে অনলাইন গেমিং নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার একাধিক নতুন নিয়ম জারি করে। বিশেষ করে রিয়েল মানি গেমস-এর ক্ষেত্রে কর ও লাইসেন্স সংক্রান্ত কঠোরতা বাড়ানো হয়েছে। এর ফলে বহু স্টার্টআপ বন্ধ হওয়ার পথে, আবার কিছু কোম্পানিকে কর্মী ছাঁটাই করতে হচ্ছে। এ বিষয়ে ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং আরও কিছু শিল্প সংস্থা সরকারের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, সঠিক নিয়মকানুন প্রয়োজন হলেও পুরো সেক্টরকে একসঙ্গে নিষিদ্ধ করলে কোটি কোটি ব্যবহারকারী ও হাজার হাজার কর্মীর জীবিকা ক্ষতিগ্রস্ত হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)