)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামীহন্তা মুসকান, সোনম কাণ্ডে শিউড়ে ওঠে গোটা দেশ। এবার আর এক স্বামী খুনের হাড়হিম ঘটনা ঘটে মুম্বইয়ের কাছে। তাও আবার সিনেম্যাটিক স্টাইলে। বলিউড ছবি 'দৃশ্যম'কে অনুকরণ করে স্বামীকে খুন করল স্ত্রী। স্বামীহন্তা স্ত্রী নিজের প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে, তারপর বাড়ির ভিতরই মৃতদেহকে পুঁতে দেয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ৪০ বছরের বিজয় চহ্বন গত ১৫ দিন ধরে নিখোঁজ ছিল। তিনি তার ২৮ বছরের স্ত্রী চমন এবং সাত বছরের ছেলেকে নিয়ে মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে গড়গপাড়া এলাকা, নালাসোপারায় (পূর্ব) থাকতেন।
নিখোঁজ ভাইয়ের সন্ধান:
বিজয়ের ভাইয়েরা বেশ কিছুদিন ধরে তাকে খুঁজছিলেন। স্ত্রী চমন তাদের জানায় যে, বিজয় কাজে বেরিয়েছেন-সম্ভবত বোরিভালি, কান্দিভালি অথবা মালাডে।
তারপর ১৯ জুলাই চমন তার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সে একটি স্থানীয় দোকান থেকে তিনটি সিঙাড়া কিনছে। সেই দিনই সন্ধ্যেবেলা বিজয়ের পরিবারের সদস্যরা বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকেন এবং খোঁজখুঁজি শুরু করেন। প্রথমে তেমন কিছু অস্বাভাবিক না পেলেও, তারা লক্ষ্য করেন যে মেঝের তিনটি টাইলস নতুন লাগানো মনে হচ্ছে- যেগুলি সম্প্রতি বদলানো হয়েছে বলেই মনে হয়।
টাইলসের নিচে দেহ:
নতুন এবং ভিন্ন রঙের ওই টাইলসগুলি দেখে পরিবারে মনে সন্দেহ জাগে। এবং তারা পুলিসকে খবর দেন। পুলিস এসে মেঝে খুঁড়ে কয়েক ফুট নিচে একটি কালো প্লাস্টিকের ব্যাগ খুঁজে পায়, যার ভিতরে একটি পচাগলা দেহ ছিল। তদন্তে জানা যায়, ২ দিন আগে চমন তাদের বাড়ির ভিতরে ৩.৫ ফুট গভীর ও ৬ ফুট লম্বা একটি গর্ত খুঁড়ছিল। তার দুই দিন পর একজন টাইলস মিস্ত্রীকে ডেকে ওই গর্তে টাইলস বসানো হয়, যার জন্য চমন ১,২০০ টাকা খরচ করে।
টাকার লোভে খুন?
বিজয় চহ্বন বাড়ি মেরামতের কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। এবং তিনি প্রায় এক মাস আগে একটি বিমা পলিসি থেকে ৬ লক্ষ টাকা পেয়েছিলেন। এর আগে থেকেই তার অ্যাকাউন্টে আরও ২-৩ লাখ টাকা ছিল। বিজয় নতুন বাড়ি কেনার প্ল্যান করছিলেন। এমনকী বর্তমানের বাড়িটি তিনি তাঁর স্ত্রীর নামে করে দিয়েছিলেন।
পুলিসি তদন্তে জানা গিয়েছে, চমন বিজয়ের মোবাইল ফোন থেকে একাধিক ওটিপি (OTP) তৈরি করে তার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেন। এরপর বিভিন্ন এটিএম থেকে টাকা তোলে। যদিও বর্তমানে ঠিক কত টাকা তোলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
প্রতিবেশীর সঙ্গে পরকীয়া:
পুলিস সন্দেহ করে যে, বিজয়কে তার স্ত্রী প্রেমিকের সঙ্গে মিলে চমন খুন করেছে। চমন এবং তার প্রতিবেশী মনু দু'দিন ধরে নিখোঁজ। অভিযোগ ওঠে যে, কোমল পরকীয়ায় জড়িয়ে পড়ে মনুর সঙ্গে। তারা দুজনে মিলে বলিউড সিনেমা 'দৃশ্যম'এর অনুকরণে বিজয়কে খুন করে পুঁতে দেয় বলে অভিযোগ।
আরও জানা গিয়েছে, মনুর মা তাকে চমনের সঙ্গে কথা বলতে হাতেনাতে ধরে ফেলেন এবং তার ফোন কেড়ে নেয়। এরপর মনুকে দুদিন কলেজে যেতে দেওয়া হয়নি, তবে পরে ফোনটি ফিরিয়ে দেওয়া হয়। ইতোমধ্যে চমন ও মনুর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছ। এবং পুলিস তাদের খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযানে নেমেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)