)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওদিকে রাশিয়া (Russia Earthquake), এদিকে বাংলা-ওড়িশা (Bay of Bengal Earthquake) উপকূল। ওদিকে প্রশান্ত মহাসাগর (Pacific Ocean), এদিকে বঙ্গোপসাগর (Bay of Bengal)। গতকাল, ২৯ জুলাই বঙ্গোপসাগরে মাত্র দেড় ঘণ্টার মধ্যে পরপর চারটি ভূমিকম্প অনুভূত হয়। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ভূমিকম্পগুলো আঘাত হানে।
৯০ মিনিটে ৪
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ। এর কেন্দ্র ছিল আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে। সেটা ছিল ৫ মাত্রার ভূমিকম্প। এরপর কাছাকাছি এলাকায় আরও তিনটি ভূমিকম্প হয়। সেগুলির মাত্রা ছিল যথাক্রমে ৫, ৪.৯, ও ৪.৬! সর্বশেষ ভূমিকম্পটি ঘটে রাত সোয়া ১১টা নাগাদ। তবে এসব ভূমিকম্পে কোনো সুনামি-সতর্কতা জারি হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
কামচাটকায় বিপর্যয়
এদিকে বুধবার, ৩০ জুলাই স্থানীয় সময় সকাল ১১টা রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর জাপান, হাওয়াই, উত্তর ও মধ্য আমেরিকা, নিউজিল্যান্ড পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলিতে সুনামি-সতর্কতা জারি করা হয়।
রাশিয়ায় ব্যাপক ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগর অঞ্চলে যে সুনামি-পরিস্থিতি দেখা দিয়েছে, তা আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাপান। জাপানের আবহাওয়া দফতরের এক মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যমকে বলেন, সুনামির বিধ্বংসী ক্ষমতা নির্ভর করে ভূমিকম্পের মাত্রার উপর। রাশিয়ায় যে-মাত্রার ভূমিকম্প থেকে এই সুনামি ধেয়ে এসেছে, আমাদের আশঙ্কা, তার জেরে আগামী ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও সুনামি-পরিস্থিতি বজায় থাকবে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)