)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির পশ্চিম বিহার এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ, এক আইনজীবী রাস্তায় কুকুরকে খাবার দেওয়ার কারণে এক প্রবীণ দম্পতির উপর চড়াও হয়ে তাঁদের মারধর করে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যায়, নীল টি-শার্ট পরা এক ব্যক্তি এক বৃদ্ধাকে বেধড়ক মারধর করছে। অভিযোগ, তিনি আইনজীবী এবং দম্পতিকে কেবলমাত্র রাস্তার কুকুরকে খাবার দেওয়ার জন্যই আক্রমণ করেন।
এই ঘটনায় দম্পতি গুরুতর জখম হন। তাঁদের মাথায় আঘাত লাগে, শরীর থেকে রক্ত ঝরতে দেখা যায়। প্রবীণ মহিলার পোশাক সম্পূর্ণ রক্তে ভিজে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর আশেপাশের মানুষ দম্পতিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও মানসিকভাবে তাঁরা গভীর আঘাত পেয়েছেন।
প্রথমে এক কুকুরপ্রেমী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল ‘telefauna’ থেকে এই মারধরের ভিডিয়োটি শেয়ার করেন। পরে আরেক পশুপ্রেমী, নিকিতা যাদব, প্রবীণ মহিলার ভিডিও বিবৃতি শেয়ার করেন, যেখানে তিনি ঘটনার বিস্তারিত অভিযোগ জানান। ভিডিয়োতে আক্রান্ত প্রবীণ মহিলা নিতি অভিযোগ করেন, অভিযুক্ত জয় রাম গর্গ, যিনি তাঁদেরই বিল্ডিংয়ে থাকেন, দীর্ঘদিন ধরেই তাঁকে কুকুরকে খাওয়ানোর জন্য হেনস্থা ও গালাগাল করতেন। সেই দিনও তর্কাতর্কির একপর্যায়ে তিনি তাঁকে বেধড়ক মারধর করেন। নিতির অভিযোগ, গর্গ তাঁকে বুকে ও ব্যক্তিগত অঙ্গে আঘাত করেন।
আক্রান্ত প্রবীণ মহিলা নিতি ভিডিও বার্তায় জানান—“ওই অসভ্য লোকটা আমার বুক আর ব্যক্তিগত অঙ্গগুলিতে ঘৃণ্যভাবে আঘাত করেছে। আমরা এক ঘণ্টারও বেশি সময় ধরে থানার বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ আমাদের সাহায্য করছে না।” সবচেয়ে গুরুতর অভিযোগ, নিতি দাবি করেছেন— ঘটনাটির পর পুলিস তাঁদের অভিযোগ শুনতে চায়নি, বরং তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হয় সমঝোতায় পৌঁছানোর জন্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)