)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জন্মাষ্ঠমীর শোভাযাত্রা চোখের নিমেষে পালটে গেল শোকে। রথের হাইভোল্টেজ বিদ্যুতের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে হায়দরাবাদে রামান্তপুরের গোকুলনগরে।
জানা গিয়েছে, রবিবার রাতে জন্মাষ্টমী শোভাযাত্রার জন্য রথ টানার সময় দুর্ঘটনাটি ঘটে। শোভাযাত্রায় রথটিকে একটি অন্য যানে করে নিয়ে আনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু মাঝপথ সেটি খারাপ হয়ে যায়। ফলে নয়জন ব্যক্তি মিলে রথটি হাতে করে টানতে শুরু করেন। সেই সময় রথটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই ছিটকে পড়েন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং শোভাযাত্রার অংশগ্রহণকারীরা দিকবিদিক ছুটে পালাতে থাকেন। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাকি চারজনক তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন: কৃষ্ণ (২১), রুদ্র বিকাশ (৩৯), রাজেন্দ্র রেড্ডি (৪৫), শ্রীকান্ত রেড্ডি (৩৫), এবং সুরেশ যাদব (৩৪)। নিহতদের দেহ গান্ধী হাসপাতাল, সেকেন্দ্রাবাদে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা সরকারকে আহ্বান জানিয়েছেন যেন নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)