Pahalgam Killers: পর্যটনে ভরা জম্মু-কাশ্মীরের শান্ত জনপদ পাহেলগাঁও রক্তাক্ত হয়ে উঠেছিল জঙ্গি হানায়। নিরীহ মানুষের ওপর আচমকা চালানো সেই হামলার পরেই শুরু হয় ভারতীয় সেনা, CRPF ও জম্মু-কাশ্মীর পুলিসের যুগ্ম পাল্টা অভিযান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীরের পর্যটননগরী পাহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার পর পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিস এবং সিআরপিএফ একযোগে চালায় ‘অপারেশন মহাদেব’। এই সাঁড়াশি অভিযানে গোপন সুড়ঙ্গপথ ও কঠিন পাহাড়ি ভূপ্রকৃতিকে পেরিয়ে সফলভাবে জঙ্গিদের
শেষ করে সেনাবাহিনী। ২৮ জুলাই জম্মু ও কাশ্মীরের লিডওয়াসে ভারতীয় সেনার চিনার কর্পের অপারেশন মহাদেব-এ খতম হয় পহলেগাঁও হামলায় মূল চক্রী মুসা ওরফে সুলেইমান। ওই অপারেশনে মৃত্যু হয় মুসার আরও ২ সঙ্গী।
হামলার পরে শুরু হয় অভিযান
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহেলগাঁওয়ে পর্যটকদের উপর আচমকা হামলা চালায় কয়েকজন সশস্ত্র জঙ্গি। প্রাণ হারান কয়েকজন সাধারণ মানুষ ও পর্যটক। ঘটনার পরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানা যায়, হামলাকারীরা গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে গা ঢাকা দিয়েছে।
বৃষ্টিতে জলমগ্ন সুড়ঙ্গেই ফাঁদে পড়ে জঙ্গিরা
অভিযান চলাকালীন বাহিনী জানতে পারে, প্রবল বর্ষণের জেরে সুড়ঙ্গগুলিতে জল জমে গিয়েছে। এই পরিস্থিতিতে পালানোর চেষ্টা করলেও সেখানেই আটকে পড়ে সন্ত্রাসবাদীরা। জলমগ্ন সুড়ঙ্গেই ফেঁসে যায় তারা। তখনই অভিযানের পরিকল্পনায় কৌশলগত পরিবর্তন আনে বাহিনী। সেনার এক আধিকারিক জানান, পালানোর সময় প্রবল বৃষ্টিতে সুড়ঙ্গপথগুলিতে জল জমে যায়। সেই জলেই আটকে পড়ে সন্ত্রাসবাদীরা। এতে একদিকে যেমন তাদের গতি স্তব্ধ হয়ে যায়, তেমনই বাহিনীর পক্ষে তাদের অবস্থান নির্ধারণ করাও সহজ হয়ে ওঠে।
ড্রোন ও থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে টার্গেট
রাতভর অভিযান চালিয়ে, অত্যন্ত নিয়ন্ত্রিত ও কৌশলী পদক্ষেপে শেষমেশ তাদের ঘায়েল করে বাহিনী। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে—ড্রোন ক্যামেরা ও থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করা হয়। রাতভর অভিযানের পর ভোরবেলায় অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং তিন জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়। উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
সেনার বক্তব্য ও প্রশাসনিক সতর্কতা
সেনার এক মুখপাত্র জানিয়েছেন, “এই অভিযান ছিল অত্যন্ত নিখুঁত ও পরিকল্পনামাফিক। জঙ্গিদের এক ইঞ্চিও ছাড় দেওয়া হয়নি।” পুরো এলাকা এখন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সাধারণ মানুষকে ঘর থেকে অকারণে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযানকে নিরাপত্তা বাহিনীর একটি “ক্লিন অ্যান্ড প্রিসাইজ অপারেশন” বলে অভিহিত করেছেন এক উচ্চপদস্থ সেনা আধিকারিক। পুরো এলাকায় এখন চিরুনি তল্লাশি চলছে, যাতে আর কেউ লুকিয়ে না থাকে।
পর্যটকদের আশ্বস্ত করল প্রশাসন
কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তায় কোনও আপস হবে না। পাহেলগাঁওসহ আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)