)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ধুদের কাছে ভিডিয়ো পৌঁছতেই আঁতকে ওঠে সকলে। সেই সঙ্গে ভিডিয়ো বার্তা। সঙ্গে সঙ্গে বাড়ির দরজা ভেঙে তাদের কাছে পৌঁছলেও শেষরক্ষা হল না। গুরুগ্রামের দ্য মিলেনিয়া, সেক্টর ৩৭-এর একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে রবিবার সন্ধ্যায় এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার দম্পতির মর্মান্তিক মৃত্যুর হয়। পুলিসের সন্দেহ, স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার পর নিজে আত্মহত্যা করেছেন।
উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা অজয় কুমার সাইবার সিটির একটি আইটি ফার্মে কাজ করতেন, আর তার স্ত্রী সুইটি শর্মা পশ্চিমবঙ্গের মেয়ে ছিলেন। কয়েক বছরের প্রেমের সম্পর্কের পর ২০২৩ সালে তাদের বিয়ে হয়েছিল। শুরুর দিকে তাদের দাম্পত্য জীবন সুখের থাকলেও, দ্রুতই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর ফলে তারা এক বছর আলাদা থাকতে শুরু করেন। পরে তারা আবার একসঙ্গে হয়ে সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
তাদের পরিবারের মতে, একসঙ্গে ফিরে আসার পরেও অজয় এবং সুইটির মধ্যে প্রায়শই ঝগড়া হত। রবিবার আচমকাই অজয় বন্ধুদের একটি গ্রুপে একটি ভয়ানক ভিডিয়ো বার্তা পাঠান, যেখানে তিনি আত্মহত্যা করার ইচ্ছার কথাও জানান। এতে তার বন্ধুরা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের অজয়ের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা দিল্লির পরিবারের সদস্যদের সতর্ক করেন। কিন্তু শেষরক্ষা হয় না।
সুইটির মা জানান, রবিবার দুপুরে তার মেয়ের সঙ্গে শেষ কথা হয়েছে। সুইটি অজয়কে একটি দেওয়ালে ড্রিল করার আগে ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলতে বলেছিলেন। সুইটি পরে আবার ফোন করবে বলে ফোন রাখলেও পরে আর সে ফোন আসেনি। “আমি তাকে প্রায় ৩০ বার ফোন করেছি, কিন্তু তার ফোন বন্ধ ছিল। আমি অজয়কেও চেষ্টা করেছি, কিন্তু তার ফোনেরও কোনও উত্তর পাইনি। আমি বুঝতে পারছিলাম কোথাও একটা সমস্যা হয়েছে।
তার কথা অনুযায়ী, বিয়ের আগে অজয় এবং সুইটি একই কোম্পানিতে কাজ করতেন, কিন্তু শুরু থেকেই তাদের মধ্যে উত্তেজনা ছিল। “পরিস্থিতি খারাপ হলে আমরা আমাদের মেয়েকে ফিরিয়ে নিয়ে আসি। এক বছর আলাদা থাকার পর তারা আবার চেষ্টা করে, কিন্তু তারা ভিন্ন কোম্পানিতে কাজ শুরু করার পরও ঝগড়া চলতে থাকে। 'আমি নিশ্চিত অজয় আমার মেয়েকে খুন করেছে।'
অজয়ের বাবা প্রয়াগরাজের একজন ইলেকট্রিশিয়ান, আর সুইটির বাবা বাংলায় আসবাবপত্রের ব্যবসা চালান। অজয়ের মামাতো ভাই দীপক গুপ্তা দিল্লিতে থাকেন, তিনি জানান, এমন চরম পদক্ষেপ নেওয়ার আগে অজয় এক সুখী পরিবার এবং সন্তানের কথাও বলেছিল। “আমরা খবর পেয়ে পুলিস নিয়ে ফ্ল্যাটে পৌঁছানোর আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল। অজয় সবসময় পড়াশোনায় ভালো এবং চুপচাপ ছিল। তার বাবা ওর পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং তার সাফল্যে গর্বিত ছিলেন।
ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পাঠানো হয়েছে এবং পুলিস মৃত্যুর পরিস্থিতি তদন্ত শুরু করেছে। উভয় পরিবারের কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে, তবে কর্তৃপক্ষ সুইটির পরিবারের কাছ থেকে একটি আনুষ্ঠানিক অভিযোগের অপেক্ষায় রয়েছে। সোমবার রাত পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি।
(আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)