রাজীব চক্রবর্তী: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিস জমা দিল বিরোধীরা। একসঙ্গে লোকসভা ও রাজ্যসভায় নোটিস জমা দেওয়া হল। মোট ১০ পাতার নোটিস জমা দেওয়া হয়েছে। তৃণমূলের নেতৃত্বে বিরোধী ইন্ডিয়া ব্লকের জমা দেওয়া CEC জ্ঞানেশ কুমারের অপসারণ নোটিসে মোট ৭টি বিষয় উল্লেখ করা হয়েছে।
Add Zee News as a Preferred Source
অপসারণ নোটিসে ৭ বিষয়ের উল্লেখ:
১. এসআইআরে জ্ঞানেশ কুমারের ভূমিকা।
২. বৈধ ভোটারদের বাদ দেওয়া।
৩. পক্ষপাতিত্ব।
৪. সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার।
৫. সুপ্রিম কোর্টের রায় না মানা।
৬. সাংবিধানিক পদের অপব্যবহার।
৭. সিইসি নিয়োগে গলদ।
তৃণমূলের দাবি, অপসারণ প্রস্তাবের সমর্থনে প্রয়োজনের চেয়ে বেশি সই ইতিমধ্যেই সংগৃহীত। বুধবারই জানা গিয়েছিল যে, জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাবের সমর্থনে প্রয়োজনের চেয়ে ২০ শতাংশ বেশি সই সংগ্রহ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস দাবি করে যে, লোকসভায় নোটিস পেশের জন্য প্রয়োজন ছিল ১০০ জন সদস্যের সই, সেখানে ১৩০ সাংসদের স্বাক্ষর সংগ্রহ সম্পন্ন হয়েছে। ওদিকে, রাজ্যসভাতেও ৬৩ জন সাংসদ নোটিসে সই করেছেন, যেখানে রাজ্যসভায় নোটিস পেশের জন্য প্রয়োজন ছিল ন্যূনতম ৫০ জনের সই। অর্থাৎ, মোট ১৯৩ জন সাংসদ CEC জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাবে সই করেছেন বলে দাবি তৃণমূলের।
এখন প্রস্তাব গৃহীত হলে, তা পাস করাতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সমর্থন প্রয়োজন। ফলে ভোটাভুটিতে এবার সেই সংখ্যাগরিষ্ঠতা মেলে কিনা, সেটাই দেখার। তবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণ নোটিস নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। কারণ ভারতের নির্বাচনী ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা। এভাবে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের জন্য নোটিস! দেশে প্রথমবার এমন ঘটনা ঘটল।
ফলে রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, সবার মনেই প্রশ্ন, তবে কি বাংলার ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে CEC জ্ঞানেশ কুমারের অপসারণে শিলমোহর পড়তে চলেছে? চূড়ান্ত হতে চলেছে জ্ঞানেশ কুমারের অপসারণ? কারণ, সূত্রের খবর, সোমবার ভোট ঘোষণা হতে পারে বাংলা-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের। সেক্ষেত্রে ভোট ঘোষণা হওয়ার আগেই কি দিল্লিতে নির্বাচন কমিশনে ঘটতে পারে বড় পরিবর্তন?
প্রসঙ্গত, মোদী জমানায় বদলেছে সিইসি নিয়োগের নিয়ম। ২০২৩ সালের নতুন আইন অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনার (CEC) নিয়োগের জন্য প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রীকে নিয়ে গঠিত ৩ সদস্যের সার্চ কমিটি ৫ জনের নাম সুপারিশ করে। যার থেকে রাষ্ট্রপতি চূড়ান্ত নিয়োগে অনুমোদন দেন। এখন অপসারণ নোটিসে এভাবে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সিইসি নিয়োগে গলদ রয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন, ভোটের মুখে বেসুরো, দল ছাড়ছেন ৪ বারের হেভিওয়েট তৃণমূল বিধায়ক- প্রাক্তন মন্ত্রী?
আরও পড়ুন, Supreme Court on Menstrual Leave: মহিলাদের আর কেউ চাকরি দেবে না: ঋতুকালীন ছুটি নিয়ে 'সুপ্রিম' তোপ প্রধান বিচারপতির, খারিজ মামলা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)