)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইচ্ছা থাকলে প্রতিকূলতার বোল্ডারকে টপকে, আঁধারের সাগর পেরিয়ে ঠিক দেখা যায় নতুন ভোর। আর আমাদের দেশেই এই কথা বারবার প্রমাণ করেছেন বহু মানুষ। সেই তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের রাজ যাদবও (Raj Yadav)। যাঁর গল্প শুধুই আপনার গায়ে কাঁটা দেবে না, আপনাকে দেবে জীবনে নতুন দিশা, বাঁচার আলাদা তাগিদ, লড়াইয়ের আইকন হয়ে গিয়েছেন রাজ।
রাজ যাদবের বেড়ে ওঠা...
রাজ উত্তর প্রদেশের জৌনপুর জেলার এক ছোট্ট গ্রামে জন্মান। চরম দারিদ্র্যে বেড়ে ওঠা তাঁর। বাবা ছিলেন এক ভূমিহীন কৃষক, যিনি একটি ছোট চায়ের দোকান চালাতেন। রাজ পরিবারকে সাহায্য করার জন্য মাঠে দিনমজুরের কাজ করতেন। রাজ পরিবারের মুখ চেয়ে বাবাকে কাজে সাহায্য করতেন। ছোটবেলা থেকেই তিনি কৃষকদের সংগ্রাম নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন। মাটির উর্বরতা হ্রাস থেকে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়া! সবই নিজের চোখে প্রত্যক্ষ করেছিলেন। কিছু করতে না পারলেও ভিতর থেকে অনুভব করতেন কৃষকদের কষ্ট।
ক্লাস টেনের পরেই খেলা ঘুরল...
এত অভাবেও পড়াশোনাকে কখনও অবহেলা করেননি। ক্লাস টেনের পরীক্ষায় প্রথম হওয়ার পর তাঁর জীবন বদলে যায়। পরিবার এবং গ্রামবাসীর প্রশংসাই তাঁকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। তিনি পড়াশোনায় পুরোপুরি মনোনিবেশ করেন। কম্পিউটার সায়েন্সে বিটেক করেন। তিনি তাঁর গ্রামের প্রথম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছিলেন।
প্রথম চাকরিতে ৩০০০
পড়াশোনা শেষ করে রাজ ভালো সুযোগের সন্ধানে দিল্লিতে চলে গিয়েছিলেন। মাত্র ৩০০০ টাকার বেতনে একটি ছোট আইটি কোম্পানিতে প্রথম চাকরি পেয়েছিলেন। তিনি দিল্লিতে একটি ছোট্ট ভাড়া ঘরে থাকতেন। কিন্তু কয়েক মাসের কঠোর পরিশ্রমেই তাঁর বেতন তিনগুণ বাড়িয়ে নেন। বেশ কয়েকটি কোম্পানিতে অভিজ্ঞতা অর্জনের পর, রাজ নিজে উদ্যোগপতি হওয়ার সিদ্ধান্ত নেন।
এইটটিন পিক্সেল এবং গ্রামিক প্রতিষ্ঠা
২০১২ সালে মাত্র ২৭ বছর বয়সে চমকে দেন রাজ। তিনি উত্তরপ্রদেশের যুবকদের জন্য তাঁদের নিজ রাজ্যের মধ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে লখনউতে এইটটিন পিক্সেল তৈরি করেন। তবে তাঁর সবচেয়ে বড় সাফল্য আসে ২০২১ সালে। তখন তিনি গ্রামিক প্রতিষ্ঠা করেনষ। যে কোম্পানি যা কৃষকদের কৃষি পণ্য, সরঞ্জাম এবং পরামর্শমূলক পরিষেবা প্রদান করে থাকে। আজ, গ্রামিকের আয় ১০০ কোটি টাকারও বেশি! রাজ বুঝেছিলেন যে, কৃষিই ভিত্তি, শিল্পই ভবিষ্যৎ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)