)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের সিদ্ধান্তে খানিকটা হলেও স্বস্তি মিলল বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের- হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা। ভারতে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বড় ঘোষণা করল। ৩১ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে ভারতে এসে থাকলে, তাদের পাসপোর্ট বা অন্য ভ্রমণ নথি ছাড়াই দেশে থাকার অনুমতি দেওয়া হবে। গত বছর কার্যকর হওয়া নাগরিকত্ব (CAA) আইন বা সিএএ অনুযায়ী, ৩১ ডিসেম্বর, ২০১৪-র আগে ভারতে আসা এই নির্যাতিত সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।
তবে নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০১৪-র পর যাঁরা ভারতে এসেছেন, তাঁরাও ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর অধীনে দেশে থাকতে পারবেন। সোমবার থেকে কার্যকর হওয়া নতুন অ্যাক্টের অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে একাধিক নির্দেশিকা জারি করেছে, তার মধ্যেই এই আদেশটিও অন্তর্ভুক্ত। এই নির্দেশ তিন দেশ থেকে আসা সংখ্যালঘুদের জন্য স্বস্তির খবর। আগে আনা নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মে কেবলমাত্র ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতে আসা মানুষরাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য ছিলেন।
তবে সর্বশেষ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট–সংক্রান্ত এই নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা ব্যক্তিরা পাসপোর্ট ছাড়াই দেশে থাকতে পারবেন, যদিও এতে নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া হয়নি। তবুও এটি বিপুল সংখ্যক মানুষকে—বিশেষত পাকিস্তান থেকে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষদের—স্বস্তি দেবে, যারা ২০১৪ সালের পর ভারতে এসেছিলেন এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
মন্ত্রক তার নির্দেশে জানিয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ—হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান—যারা ধর্মীয় নিপীড়নের কারণে বা ধর্মীয় নিপীড়নের আশঙ্কায় ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে বৈধ কাগজপত্র ছাড়াই বা মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে দেশে প্রবেশ করেছেন, তারা এই নির্দেশের আওতায় আসবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)