)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'কোনও সিভিক সেন্স নেই!' ট্রেনের মধ্যেই থুতু ফেলছেন বন্দে ভারতের যাত্রী। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল। সমালোচনার ঝড় উঠল, 'কোনও সিভিক সেন্স নেই!'
নিউ জলপাইগুড়ি জংশন (এনজেপি) থেকে হাওড়া আসছিল বন্দে ভারত এক্সপ্রেসে। সেই এক্সপ্রেসেই ভ্রমণকারী এক যাত্রী অভিযোগ করেছেন, তাঁর সামনে বসা একজন ব্যক্তির জঘন্য আচরণের কারণে তাঁর গোটা জার্নিটাই নষ্ট হয়ে গিয়েছে। তিনি বলেন, "লোকটি এমনভাবে ট্রেনে ওঠে, যেন এটি তাঁর বাড়ি। মনে হচ্ছিল, সে নেশাগ্রস্ত ছিল।" ওই যাত্রীর আরও অভিযোগ, ওই লোকটি কিছু চিবিয়ে ট্রেনের মেঝেতে থুতু ফেলছিলেন। তাঁকে না বললেও তিনি শোনেননি। পরে যখন আবার তিনি থুতু ফেলতে যাচ্ছিলেন, আবার তাঁকে না বলেন। কিন্তু ওই যাত্রীকে অবাক করে দিয়ে, ওই ব্যক্তি এবার তাঁর পাশের সিটে থুতু ফেলেন।
এখন সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি ভাইরাল হতেই নেটিজেনরা তীব্র সমালোচনা করেন। কেউ লেখেন, "আপনি এমন এক পৃথিবীতে বাস করছেন যেখানে লোকেরা বিশ্বাস করে যে টিকিট কাটার অর্থ হল তারা সরকারি সম্পত্তির মালিক!" কেউ তাঁর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে লেখেন, "এটা সত্যি। আমার সঙ্গেও শেয়ার্ড ক্যাবে এমন একটা ঘটনা ঘটেছিল। একজন মহিলা তাঁর মেকআপ মুছে গাড়িতেই টিস্যু ফেলছিলেন। আমি তাঁকে বারণ করায়, সে বলল, এটা আমার ব্যাপার না কারণ সে টাকা খরচ করেই যাচ্ছে।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)