Hyderabad Cash Recover: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালান দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসমের পর এবার হায়দরাবাদ। অসমের সিভিল সার্ভিস অফিসারের পর এবার হায়দরাবাদের বিদ্যুৎ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়িতে মিলল টাকার পাহাড়! দুর্নীতি দমন শাখার অভিযানে বড়সড় দুর্নীতির পর্দাফাঁস হায়দরাদের বিদ্যুৎ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার আম্বেদকরের বাড়িতে।
দুর্নীতি দমন শাখার অভিযানে হায়দরাদের বিদ্যুৎ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ারের বাড়িতে উদ্ধার নগদ ২ কোটি টাকার পাহাড়। সেইসঙ্গে প্রচুর গয়নাও। গোপন সূত্র খবর পেয়ে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালান দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।
প্রসঙ্গত, সোমবার অসম সিভিল সার্ভিসের অফিসার নূপুর বোড়াকে গ্রেফতার করেছে পুলিস। গুয়াহাটিতে তাঁর বাড়ি থেকে উদ্ধার প্রায় ২ কোটি টাকা, ১ কোটির কাছাকাছি সোনা। বারপেটার ভাড়াবাড়ি থেকেও ১০ লাখ টাকা পাওয়া গিয়েছে। যা তাঁর মাইনের চেয়ে অনেক বেশি টাকা। জানা গিয়েছে, ঘুষ নেওয়ার জন্য নূপুর বোড়ার রীতিমতো রেটচার্ট ছিল। জমি-সংক্রান্ত নানা কাজের জন্য ঘুষ নিতেন তিনি। ১৫০০ থেকে শুরু করে ২ লাখ পর্যন্ত ঘুষ নিতেন নূপুর বোড়া।
গোলাঘাট জেলার বাসিন্দা নূপুর বোড়া ২০১৯ সালে সরকারিতে চাকরিতে যোগ দেন। বর্তমানে তিনি কামরূপ জেলার গরৈমারিতে সার্কেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ওদিকে দুদিন আগে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এক স্কুলশিক্ষকের শ্বশুর বাড়ি থেকেও প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিস। বেটিং চক্র চালানোর অভিযোগ উঠেছে ধৃত স্কুলশিক্ষক অপূর্ব সরকারের বিরুদ্ধে। এছাড়াও স্কুলের তহবিল থেকেও টাকা তছরুপের অভিযোগ রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)