)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিমের তরকারি রান্না করতে 'পারব না' বলেছিলেন স্ত্রী। আর সেই 'তুচ্ছ' কারণেই আত্মঘাতী হলেন স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে।
মৃতের নাম তিকুরাম সেন। ছত্তিশগড়ের ধামতারি জেলার বাসিন্দা ৪০ বছর বয়সী তিকুরাম সেন সোমবার সন্ধ্যায় বাড়িতে ডিম কিনে আনেন। ডিম কিনে এনে তাঁর স্ত্রীকে ডিমের তরকারি রান্না করতে বলেন। কিন্তু তিকুরামের স্ত্রী সেই ডিমের কারি বানাতে অস্বীকার করেন। তারপরই তিকুরাম নামে ওই ব্যক্তি আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে।
সোমবার সন্ধ্যায় সিহাওয়া থানার অন্তর্গত শঙ্করা গ্রামে এই ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, সেদিন ছিল 'কারু ভাত' উৎসবের দিন। পরের দিন উপবাস পালনের কথা। আর সেই কারণেই ডিমের তরকারি রান্না করতে পারবেন না বলে জানিয়েছিলেন তিকুরামের স্ত্রী। কিন্তু তার পরিণতি যে এরকম মর্মান্তিক হতে পারে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি।
'কারু ভাত' ব্রত...
ছত্তিশগড়ের বিবাহিত মহিলারা তিজের আগের দিন 'কারু ভাত' খেয়ে থাকেন। এটি একটি 'তিক্ত খাবার' যার মধ্যে করলা থাকে। 'কারু ভাত' খাওয়ার পরের দিন স্বামীর দীর্ঘ জীবন এবং সমৃদ্ধির জন্য 'নির্জলা' উপবাস ব্রত পালন করে থাকেন ছত্তিশগড়ের বিবাহিত মহিলারা। এই 'নির্জলা' উপবাস ব্রত পালন করার আগের দিন শেষ খাবার হিসেবে এই 'কারু ভাত' গ্রহণ করেন তাঁরা।
এখন তিকুরামের স্ত্রী ডিমের কারি রান্না করতে পারবেন না জানানোয়, বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিকুরাম। তারপরই বাড়ির কাছেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তিকুরামের দেহ। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)