)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিদেশিদের চিহ্নিত করতে একটি নতুন আচরণবিধি(SOP) চালু করল অসমের হিমন্ত বিশ্বশর্মা সরকার। এক্ষেত্রে ক্ষমতা দেওয়া হয়েছে জেলা শাসকদের। এতদিন বিদেশি চিহ্নিতকরণের দায়িত্ব ছিল অসমের ফরেনার্স ট্রাইবুন্যালের উপরে। এবার সেই নিয়মকে বাইপাস করতে বিশ্বশর্মা আনলেন নতুন নিয়ম।
কী আছে ওই নির্দেশিকায়? অসম সরকার বলছে, বিদেশি সন্দেহে কাউকে ধরা হলে তিনি পাবেন মাত্র ১০ দিন সময়। ওই দশ দিনের মধ্যে তাঁকে প্রমাণ করতে হবে তিনি বিদেশি নন। তা করতে না পারলে তাদের বিতাড়ন করার নির্দেশ দেওয়া হবে।
গত জুন মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিধানসভায় বলেন, রাজ্য সরকার ইমিগ্রান্টস অ্য়াক্ট ১৯৫০ কার্যকর করতে চলেছে। ২০২৪ সালে সুপ্রিম কোর্টের এক রায় উল্লেখ করে বিশ্বশর্মা বলেন, ১৯৭১ সালের ২৪ মার্চ পর্য়ন্ত যারা অসমে ঢুকেছেন তাদের বিদেশি বলে গণ্য করা যাবে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, আইনের প্রয়োগের জন্য একটি এসওপি চালু করা হচ্ছে। ওই নিয়ম চালু হলেই ফরেনার্স অ্যাক্ট নিয়ে আর মাথা ঘামাতে হবে না। ওই আচরণবিধি অনুযায়ী, যদি জেলা শাসককে জানানো হয় যে কোনও এক ব্যক্তি বিদেশি, বিএসএফ যদি কাউকে বিদেশি বলে চিহ্নিত করে, কিংবা যদি অন্য কোনও মহল থেকে কাউকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয় তাহলে তাঁকে ১০ দিনের মধ্যে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। তা করতে না পারলে জেলাশাসক তাকে বিতাড়নের নির্দেশ দিতে পারেন। সঙ্গে সঙ্গে তাকে আটক করে হয় পাকিস্তানে নয়তো বাংলাদেশে পাঠানো হবে।
উল্লেখ্য, অসমের ফরেনার্স ট্রাইব্যুনালকে বিশেষ ক্ষমতা দিয়েছিল কেন্দ্রে। ফরেনার্স ট্রাইব্যুনালের কাজ হল বিদেশিদের খুঁজে বের করা। এখন রাজ্য প্রশাসন সরাসরি বিদেশিদের বিতাড়ন করতে পারবে।
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)