)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থানের আজমেরে চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় এক বিজেপি নেতা, তাঁর স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন। অভিযোগ, তিনি তাঁর প্রেমিকার প্ররোচনায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পুলিস জানিয়েছে, খুনের পর এই নেতা ডাকাতির ঘটনা সাজিয়ে পুলিসকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদের পর তিনি খুনের কথা স্বীকার করেছেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, আজমেরে বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক রোহিত সাইনি গত ১০ই আগস্ট তাঁর স্ত্রী সঞ্জুকে খুন করেন। প্রাথমিক তদন্তে রোহিত সাইনি দাবি করেন যে কিছু অজ্ঞাতপরিচয় ডাকাত তাঁর বাড়িতে ঢুকে লুটপাট চালায় এবং তাঁর স্ত্রীকে খুন করে। তিনি নিজের দেহেও সামান্য আঘাতের চিহ্ন দেখিয়ে পুলিসের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। তবে পুলিসের কাছে তাঁর বয়ানে কিছু অসঙ্গতি ধরা পড়ে।
তদন্তকারী কর্তারা জানান, রোহিত বারবার বয়ান বদলাচ্ছিল। তারপরেই পুলিসের সন্দেহ গভীর হয়। পুলিস রোহিতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিসি জেরার মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়ে ওই বিজেপি নেতা এবং স্ত্রীকে খুনের কথা স্বীকার করে। সে জানায়, তাঁর প্রেমিকা রিতু সাইনির প্ররোচনায় তিনি এই অপরাধ করেছেন।
পুলিসের তদন্তে আরও উঠে আসে যে, রোহিত ও রিতুর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্কে সঞ্জু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। রিতু রোহিতকে 'সঞ্জুকে পথ থেকে সরিয়ে দেওয়ার' জন্য চাপ দিচ্ছিলেন। রিতুর প্ররোচনায় রোহিত শেষ পর্যন্ত এই জঘন্য অপরাধ করার সিদ্ধান্ত নেন। হত্যাকাণ্ডের পর তিনি ঘটনাটিকে ডাকাতি ও ছিনতাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করেন যাতে পুলিস বিভ্রান্ত হয়।
পুলিস এই ঘটনায় রোহিত সাইনি এবং তাঁর প্রেমিকা রিতু সাইনি উভয়কেই গ্রেফতার করেছে। পুলিস সুপার দীপক কুমার জানিয়েছেন, এই মামলাটি ২৪ ঘণ্টার মধ্যেই সমাধান করা সম্ভব হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিস এই দুজনের কাছ থেকে আরও তথ্য বের করার জন্য জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ। নিহত সঞ্জুর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনা রাজনৈতিক মহলেও আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এই ধরনের অপরাধে জড়িত থাকার জন্য একজন জনপ্রতিনিধির তীব্র নিন্দা জানিয়েছেন। পুরো ঘটনাটি পুলিস তদন্ত করছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)