Indian Software Engineer: সিলিকন ভ্যালিতে মাইক্রোসফট অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যু। মাউন্টেন ভিউ পুলিসের মুখপাত্র জানান, ২০ আগস্ট রাত প্রায় ২টার দিকে পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে কোনও সন্দেহজনক কার্যকলাপ বা চিহ্ন মেলেনি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিলিকন ভ্যালিতে মাইক্রোসফটের অফিসে মৃত্যু হল সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রাতিক পাণ্ডের (৩৫)। ১৯ আগস্ট সন্ধ্যায় অফিসে যায় সে এবং পরের দিন ভোরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের এক সদস্য, যিনি মাইক্রোসফট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতীক প্রায়শই অনেক রাত পর্যন্ত কাজ করত। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।
সান্তা ক্লারা কাউন্টি মেডিকেল এক্সামিনার কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। এক শোকবার্তায় তাঁকে স্মরণ করে লেখা হয়েছে — “আনন্দে ভরা এক প্রাণ, উজ্জ্বল হাসি; ফুটবল খেলতে ভালোবাসতেন, ছিলেন স্নেহশীল পুত্র ও বন্ধু।” বৃহস্পতিবার বে এরিয়াতে একটি স্মরণসভা আয়োজন করা হয়েছে। মাইক্রোসফট এখনও সরকারি কোনও মন্তব্য করেনি। তবে সংস্থাটি অভ্যন্তরীণভাবে ঘটনার তদন্ত করছে বলে জানা গিয়েছে।
প্রতীক পাণ্ডে মাইক্রোসফটের Fabric প্রোডাক্টে কাজ করতেন, যা ডেটা অ্যানালিটিক্স পরিষেবায় ব্যবহৃত হয় এবং প্রতিদ্বন্দ্বী সংস্থা স্নোফ্লেক ইনক.-এর সঙ্গে রেশারেশিই চলত বলা যায়। তিনি রিপোর্ট করতেন সংস্থার ক্লাউড ও এআই প্রধান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট স্কট গাথরিকে। ২০২০ সালে মাইক্রোসফটে যোগ দেওয়ার আগে প্রাতিক ওয়ালমার্ট ইনক. এবং অ্যাপল ইনক.-এর মতো সংস্থায় কাজ করেছেন। তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি সান হোসে স্টেট ইউনিভার্সিটির প্রাক্তনী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)