)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও জঙ্গি হামলার পিছনেও লস্কর প্রধান হাফিজ সইদ! পাক জেলে বসেই ষড়যন্ত্রের ছক কষেছে সে। বিভিন্ন জায়গা থেকে লশকর-এ-তৈবার নেতারই নাম সামনে আসছে। তদন্তে উঠে এসেছে, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবা (LeT)-র একটি সুসংগঠিত মডিউল এই হামলার নেপথ্যে। অধিকাংশ হামলাকারী বিদেশি হলেও তাদের সাহায্য করেছে উপত্যকার স্থানীয় জঙ্গি ও ওভারগ্রাউন্ড কর্মীরা।
উভয়ই পাকিস্তান থেকে পরিচালিত বলে মনে করা হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার খবর অনুসারে, এই ধরণের মডিউল পাকিস্তানের সামরিক বাহিনী এবং তার গোয়েন্দা সংস্থা, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) থেকে লজিস্টিক এবং কৌশলগতভাবে মিলে যাচ্ছে। দ্য রেজিস্ট্যান্স ফোর্স বা টিআরএফ কোনও বিচ্ছিন্ন সংগঠন নয়, খোদ লস্করের মদত ও ছায়ায় বেড়ে ওঠা দীর্ঘদিনের একটি জঙ্গি দল। যারা গ্রাউন্ড অপারেশনের কাজ করে, লস্করেরই নির্দেশে তাদের তালিম হয় পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন শিবিরে।
নিরাপত্তাবাহিনী সন্দেহ করে যে সোনামার্গ, বুটা পাথরি এবং গান্ডারবালে পূর্ববর্তী হামলায় এই মডিউলের হাত ছিল। ২০২৪ সালের অক্টোবরে সোনামার্গে ছয়জন টানেল কর্মী এবং একজন ডাক্তার নিহত হন এবং বুটা পাথরিতে দুই সেনা সদস্য সহ চারজন নিহত হন। পাহেলগাম আক্রমণকারীদের একজন হাশিম মুসা, এই হামলায় জড়িত বলে জানা গেছে।
জম্মু ও কাশ্মীর পুলিস তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে: হাশিম মুসা ওরফে সুলেমান (পাকিস্তানি নাগরিক), আলী ভাই ওরফে তালহা (পাকিস্তানি নাগরিক), আব্দুল হুসেন ঠোকার (অনন্তনাগের বাসিন্দা)। এই তিনজনের সন্ধানে জোর তল্লাশি চালানো হচ্ছে। তথ্যদাতাকে দেওয়া হবে ২০ লক্ষ টাকা পুরস্কার, এমন ঘোষণাও করেছে পুলিস।
সাধারণত জঙ্গি হানার পরই জঙ্গিরা আন্ডার গ্রাউন্ডে চলে যায়। যতক্ষণ না পাকিস্তানের হ্যান্ডেলারদের থেকে পরবর্তী নির্দেশ আসে, ততক্ষণ তারা ঘন জঙ্গলেই লুকিয়ে থাকে। জানা গিয়েছে, লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদ ও তাঁর ডান হাত সইফুল্লাই কাশ্মীরের মডিউলকে নিয়ন্ত্রণ করে। সাম্প্রতিক সময়ে উপত্যকায় লস্করের সরাসরি প্রভাব কমলেও, এই সংগঠনের ‘ছায়া-সন্ত্রাস’-এর নেপথ্যে হাফিজের মতো নেতাদের ভূমিকা থাকতে পারে বলে দাবি গোয়েন্দাদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)