জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভারতের বিরুদ্ধে কোনও বড়সড় ষড়যন্ত্রের ছক কষছে পাকিস্তান? জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমানা বরাবর দেখা মিলল সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের। রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বা, রাজৌরি ও পুঞ্চ জেলার আন্তর্জাতিক সীমান্ত (IB) এবং লাইন অব কন্ট্রোল (LoC) বা নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক এলাকায় সন্দেহজনক ড্রোনের গতিবিধি ধরা পড়ে। সেনা কর্তারা জানাচ্ছেন, ড্রোনগুলি পাকিস্তানের দিক থেকে আসে এবং কয়েক মিনিট ভারতীয় আকাশসীমায় ঘোরাঘুরি করার পর ফিরে যায়। সন্দেহজনক ড্রোন নজরে আসার পরই নিরাপত্তা বাহিনী স্থলভাগে তল্লাশি অভিযান শুরু করেছে।
Add Zee News as a Preferred Source
নওশেরা সেক্টরে ড্রোন দেখার পর সেনাবাহিনী গুলি চালায়
রাজৌরি জেলার লোসি বরাবর নওশেরা সেক্টরে মোতায়েন ভারতীয় সেনা সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ গনিয়া-কালসিয়ান গ্রামে ড্রোনের গতিবিধি লক্ষ্য করে। এরপরই মাঝারি ও হালকা মেশিনগান থেকে গুলি চালায় ভারতীয় জওয়ানরা। আরেকটি ড্রোন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজৌরির তেরিয়াথ এলাকার খাব্বর গ্রামে দেখা যায়। ঝলমলে আলোসহ ওই উড়ন্ত বস্তু কালাকোটের ধর্মসাল গ্রাম থেকে এসে ভরাখের দিকে এগিয়ে যায়।
সাম্বা ও পুঞ্চ সেক্টরেও ড্রোন সদৃশ বস্তু
এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ সাম্বা জেলার রামগড় সেক্টরের চাক বাবরাল গ্রামে ঝলমলে আলো-সহ একটি ড্রোন সদৃশ বস্তু কয়েক মিনিট আকাশে ঘোরাফেরা করতে দেখা যায়। ওদিকে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে পুঞ্চ জেলার লোসি বরাবর মানকোট সেক্টরেও তাইন থেকে টোপার দিকে আরেকটি ড্রোন সদৃশ বস্তু উড়তে দেখা যায় বলে খবর।
পাকিস্তানি ড্রোনের ফেলে যাওয়া অস্ত্রের চালান উদ্ধার
উল্লেখ্য, শুক্রবার রাতেই সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে ঘাগওয়ালের পালোরা গ্রামে পাকিস্তান থেকে আসা একটি ড্রোনের ফেলে যাওয়া অস্ত্রের চালান উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। তারপরই বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিস যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে এই অস্ত্র ও গোলাবারুদের চালান উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং একটি গ্রেনেড।
চিনের তৈরি পিস্তল, গ্লক ও গ্রেনেড উদ্ধার
উদ্ধার হওয়ার অস্ত্রের মধ্যে একটি চিনের তৈরি ৯ মিমি পিস্তল (দুটি ম্যাগাজিন-সহ), একটি গ্লক ৯ মিমি পিস্তল (একটি ম্যাগাজিন-সহ) এবং “SPL HGR 84” চিহ্নিত একটি চিনা হ্যান্ড গ্রেনেড ছিল। পুলিসের মতে, প্যাকেট থেকে মোট ১৬ রাউন্ড ৯ মিমি তাজা কার্তুজও উদ্ধার হয়েছে। এরপরই ফের রবিবার ভারতের আকাশে সন্দেহভাজন পাক ড্রোনের গতিবিধি! স্বাভাবিকভাবেই যা গোয়ান্দাদের কপালে ভাঁজ ফেলেছে। পাকিস্তানের তরফে বড়সড় কোনও সন্ত্রাসী হামলার আশঙ্কায় উদ্বেগ ছড়িয়েছে।
আরও পড়ুন, Ajit Doval: ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন না অজিত ডোভাল, জানুন রহস্যময় মানুষটি সম্পর্কে ৬ গুরুত্বপূর্ণ তথ্য
আরও পড়ুন, Bapi Sen Son Arrest: পার্কস্ট্রিটে ইভটিজিং রুখতে গিয়ে খুন, নিহত সেই সার্জেন্ট বাপি সেনের ছেলে গ্রেফতার! কেন, জানেন?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)