)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মা শারীরিকভাবে প্রতিবন্ধী। তাই হাসপাতালে অসুস্থ বাবার দেখাশোনা করছিল ছোট্ট মেয়েটি। কিন্তু সেখানেও পাতা ছিল ফাঁদ! হাসপাতালের মধ্যেই ওই নাবালিকাকে ধর্ষণ করে হাসপাতালের এক কর্মী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কালাবুর্গিতে।
পুলিস সূত্রে খবর, নির্যাতিতার বাবার সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। তার মা শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায়, সে-ই হাসপাতালে তার বাবার দেখাশোনা করছিল। সেইসময় হাসপাতালের এক সাফাই কর্মী তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগ, অভিযুক্ত সাফাইকর্মী নাবালিকা মেয়েটিকে হাসপাতালের একটি শৌচাগারে নিয়ে যায়। তারপর সেখানেই তার উপর যৌন নির্যাতন চালায়।
এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। নির্যাতিতা গত এক সপ্তাহ ধরেই হাসপাতালে তার বাবার দেখাশোনা করছিল। জানা গিয়েছে, অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা। হাসপাতালে কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসত। পুলিস জানিয়েছে সেই সুযোগটি-ই কাজে লাগিয়েছে অভিযুক্ত।
নির্যাতিতার বাবা যখন মেয়েকে তার কাছ থেকে কাপড় আনতে পাঠান, তখনই অভিযুক্ত নাবালিকাকে শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভয়ংকর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)