)
Asansol: আসানসোলের বার্নপুরে যৌথ পরিবারের মহিলা ঢাকির দল - কাকা শ্বশুরের তালিমে বৌমা, পিসি, মাসি ননদরা একসঙ্গেই মণ্ডপে মণ্ডপে তুলছেন ঢাকের বোল। একটা ঢাকেই বোল তুলতে হিমশিম খান পুরুষ ঢাকিরা।
দু জন ঢাকির কাঁধে চড়ে দিব্যি দু তিনটে ঢাক একসঙ্গে নিয়ে দিব্যি বাজিয়ে যাচ্ছেন মহিলা ঢাকিরা। ঢাক নিয়ে নানা কেরামতি। পাশাপাশি এক মহিলা একসঙ্গে তিনটি ঢাকে বোল তুলছেন। পাঁচটি ঢাক নিয়ে চলছে কেরামতি। বার্নপুরের ধেনুয়া গ্রামের বাদ্যকর পাড়ার মহিলারা ব্যস্ত অনুশীলনে। ধেনুয়া কালীকৃষ্ণ আশ্রমে প্রতিদিন বিকেলে চলছে মহড়া। কারণ, এবার পুজোয় জেলা জুড়ে তাঁদের পড়েছে ডাক। দলে রয়েছেন ১৭ জন। রোজ নিয়ম করে মহড়া দিচ্ছেন শোভা শিবানী মাম্পি তনু, ঋনা, কাজলরা। কারো বয়স কুড়ি, কারো আবার চল্লিশ। একই পরিবারের বৌমা, শাশুড়ি, ননদদের মেল বন্ধন। ঢাকের তালে নেচে উঠছেন সবাই।
Murshidabad Accident: মুর্শিদাবাদের সাগরদিঘী থানার শেখদিঘিতে ১২ নম্বর জাতীয় সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। দুই গাড়িতেই দুর্ঘটনার পর আগুন ধরে যায়। একই রাস্তায় মুখোমুখি চলে আসে দুটি ট্রাক। এর ফলেই ঘটে দুর্ঘটনা। ট্রাক থেকে উদ্ধার করে এক জনকে অগ্নিদগ্ধ অবস্থায় জংগিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।
TET 2025: প্রাথমিক টেট-এ পরীক্ষার্থী প্রায় ৩ লাখ। কিন্তু পাস করলেন মাত্র ৬৭৫৪ জন। প্রশ্ন উঠছে পাসের হার নিয়েয়। কেন এই হাল? প্রাথমিক টেট দিয়েছিলেন ২ লাখ ৭৪ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে যারা পাস করেছেন তার হার ২.৪৭ শতাংশ।
SSC Group C: সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা প্যানেল খারিজ হয়ে যাওয়ার পর কেটে গেছে ৭ মাস। গোটা বাংলা যখন উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে তখন চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। কারণ স্যালারি পোর্টালে কারুর নাম তোলা হয়নি। এই অবস্থায় শিক্ষকদের তবু আরেকবার চাকরির পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু শিক্ষকর্মীদের কি হবে? সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই বলে যোগ্য চাকরীহারা শিক্ষাকর্মীদের অভিযোগ। তাই চতুর্থীর সকালে ফের পথে নামছেন তারা। সকাল ১১ টায় বিভিন্ন জেলা থেকে বাস বা মেট্রো করে করুণাময়ী মোড়ে জমায়েত। তারপর আচার্য সদন অভিযান। পুজোর মুখে পুলিশের অনুমতি বিহীন এই কর্মসূচি আটকাতে তৎপর প্রশাসন। প্রাকৃতিক দূর্যোগে বিপর্যস্ত শহর বিপুল বৃষ্টির অভিঘাত কাটিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। বিকেল থেকে মানুষের ঢল নামবে রাস্তায়। অনেক মণ্ডপে প্রতিমা যাবে। ফলে কোনোভাবেই যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেটা দেখার জন্য প্রস্তুত পুলিশ। আন্দোলনকারীদের করুণাময়ী মোড়ে আটকে দেওয়ার পরিকল্পনা পুলিশের।
Nausad Siddique: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভার কাশিনগরে কর্মী সম্মেলন থেকে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ঘোষণা করলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়াই করতে চিঠি পাঠানো হয়েছে সিপিআইএমকে। দুর্গোৎসবের পরেই আলোচনার মাধ্যমে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। নওশাদ সিদ্দিকী দাবি করেন, এবারের বিধানসভা ভোটে আইএসএফ ডবল ডিজিট আসন পাবে। একইসঙ্গে কলকাতার জলমগ্ন পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করে তিনি জনস্বার্থ মামলা করেছেন বলেও এদিন কর্মী সম্মেলনে জানান।
Bhangor: ক্যানিং পূর্ব বিধানসভায় গরম রাজনীতির মধ্যে ৪০ জন পুরোহিতকে সম্বর্ধনা দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। তিনি জানান রাজনীতির বাইরে ভাঙরে বা ক্যানিং পূর্ব বিধানসভায় ৩৩৫ টি দুর্গাপুজো কমিটিকে সংবর্ধনা দেওয়া হল।। ভাঙ্গড় ১ নম্বর ব্লকের পাগলারহাট এলাকায় পুজো কমিটিদের নিয়ে একটি সভা করেন শওকত মোল্লা। পাশাপাশি পুরোহিত ও মহারাজদের সংবর্ধনা জানান তিনি। কারণ ভাঙ্গরে আদিবাসী ও হিন্দু ভাই-বোনেদের পাশে দল বা তিনি থাকেন বিভিন্ন উৎসবে। তাই পুজো কটা দিন আনন্দে জাতে সবাই ভালোভাবে কাটায় সেই জন্যই এই সম্বর্ধনা। পাশাপাশি বয়স্কদেরও সম্বর্ধনা দেন শওকত মোল্লা। একটাই বার্তা ভাঙ্গর ও বিধানসভায় সবাই যেন পুজোটাকে উৎসবের মধ্যে দিনগুলো কাটায়। তাই রাজনীতির বাইরেও সওকাত মোল্লার এমন উদ্যোগে খুশি ভাঙ্গড় ও ক্যানিং পূর্ব বাসিন্দারা।
Sonarpur: এলাকার জমা জল বেরোচ্ছিল না। তাই ম্যানহোল পরিষ্কার করতে নেমে জলের স্রোতে তলিয়ে মৃত্যু হল এক সাফাই কর্মীর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলন পল্লী এলাকায়। মৃতের নাম জয়ন্ত ঘোষ। জানা গিয়েছে, সোমবার রাতের ভারী বৃষ্টির জেরে পুরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন। এই এলাকাতেও জল নামছিল না। সে কারণেই ম্যানহোলের ঢাকনা খুলে তা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিলেন জয়ন্তবাবু। জমা জলের মধ্যেই ম্যানহোলে নামতে গিয়ে তিনি পড়ে যান। পুরসভার অন্যান্য কর্মীরা খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। অবশেষে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে আরও একটি ম্যানহোলের কাছে গিয়ে তাঁর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও পুরসভার কর্মীরা জয়ন্তবাবুকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ঝুঁকি নিয়ে ম্যানহলে না নামার জন্য বারে বারে নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু তিনি শোনেননি। ম্যানহলের মুখে অনেক প্লাস্টিক জমে রয়েছে, সেগুলি সাফ করলে জল নেমে যাবে এই বলেই নীচে নামতেই জলের স্রোতে টাল সামলাতে না পেরে তলিয়ে যান ওই সাফাই কর্মী।
Ghatal: নৌকায় চড়ে মন্ডপের পথে উমা, সঙ্গে রয়েছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। এবছর একাধিকবার বন্যায় প্লাবিত হয়েছে ঘাটাল, কিছুদিন আগে পর্যন্ত নিচু এলাকায় প্লাবিত থাকায় মন্ডপ তৈরির কাজ করতে হিমশিম খেয়েছেন উদ্যোক্তারা সেই মন্ডপের পথেই শিলাবতী নদীর জলে নৌকায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা। ঘাটালের নিশ্চিন্দীপুর থেকে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে মনশুকা খড়গপুর বি টি সি মনসামাতা ক্লাবে। কেন নৌকৈ করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে? পুজো কমিটির দাবি বন্যায় ঘাটালের মনসুকা এলাকায় ঝুমি নদীর উপর একাধিক বাঁশের তৈরি পারাপারের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নৌকো করে পারাপার হতে হচ্ছে। তাই ঘাটাল থেকে শিলাবতী নদীর জলে নৌকোয় করেই প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে।
Midnapur: পুজো কমিটির সদস্যদের মধ্যে বিবাদ। তাই হঠাৎ করে কমিটি ভেঙে এক নামে শুরু হল দুইটি দুর্গা পুজো।বিবাদ চরমে উঠতেই বন্ধ হল পুজোর সরকারি অনুদান। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর গ্রামের ঘটনা।হরেকৃষ্ণপুর কিশোর বাহিনী ক্লাবের দুর্গা পুজো প্রায় ১৫ বছর ধরে হয়ে আসছে।সরকারের আর্থিক অনুদানও বেশ কয়েক বছর ধরে পেয়ে থাকে তারা।কিন্তু হঠাৎ করে বিভিন্ন বিষয়ে পুজো কমিটির মধ্যে বাধে বিবাদ।দুই কমিটি ভাগ হতেই একে অপরে দাবি করতে থাকে পুজোর অনুদান এ বলে আমি পাব ও বলে আমি পাব।বিবাদ মেটাতে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে মহকুমা শাসক পর্যন্ত অভিযোগ আবেদন জমা পড়ে।এই গন্ডগোলের জন্য দাসপুর থানার হস্তক্ষেপে বন্ধ থাকল এই পুজো কমিটির সরকারি আর্থিক অনুদান।
Midnapur: পুজোর আগে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত হাউস ফর অলের ১২৩৮টি বাড়ির চাবি উপভোক্তাদের হাতে তুলে দিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। মেদিনীপুর পৌরসভার কনফারেন্স হলে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয় উপভোক্তা যারা সেইসব বাড়ির মালিকদের হাতে। চেয়ারম্যান সৌমেন খান জানান, ২০২৪-২৫ বর্ষে ২৫০০ বাড়ি আমাদের অনুমোদন হয়েছিল, তারমধ্যে ২৩৩৮ টা বাড়ির কাজ শুরু হয়েছিল। তার মধ্যে ১২৩৮ টা বাড়ি সম্পূর্ণ তৈরি করে সেই বাড়ির চাবি তুলে দিতে পারলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুজোর আগে সবার বাড়ি করে দেওয়ার কথা, সেই কথা রেখে আজকে আমরা সেই নবনির্মিত বাড়ির চাবি আমরা তুলে দিলাম তাদের হাতে। আমরা খুশি এবং খুব গর্বিত। পশ্চিমবাংলার মধ্যে প্রথম মেদিনীপুর পৌরসভা বেশি বাড়ি নির্মাণ করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় সেই কাজটাই আমরা করতে পারলাম। কেন্দ্র সরকার দু'বছর ধরে টাকা আটকে রাখলেও মুখ্যমন্ত্রী আমাদেরকে বাড়ি গুলি তৈরি করার জন্য সাহায্য করেছেন, তার জন্য তাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নতুন বাড়ি পেয়ে খুশি উপভোক্তারা।
Jalpaiguri: টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে খুন। এ ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের। মঙ্গলবার অভিযুক্ত বিজয় পান্নাকে ওই সাজার নির্দেশ দেয় জলপাইগুড়ি জেলা আদালত। ২০২৩ সালের ৩০ মে বানারহাট থানার গয়েরকাটা চা বাগানে খুনের ঘটনাটি ঘটে। ঘটনায় নিহত মহিলা সাধনি পান্নার (৬৫) ছোট ছেলে সুনীল পান্না তাঁর দাদার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিস বিজয়কে গ্রেপ্তার করে। পুলিশের এসআই বিনোদ সুব্বা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সেরে আদালতে মামলার চার্জশিট জমা দেন। তদন্তকারী পুলিশ অফিসার, চিকিৎসক সহ মামলায় মোট দশজন সাক্ষ্য দেন। আদালতে জমা পড়া সমস্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে বিচারক বিজয় পান্নাকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বলে জানান মামলার সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ।
Elephant Killed: ট্রেনের ধাক্কায় ফের হাতির মৃত্যু। কালিম্পং জেলার মংপং অঞ্চলের রুংঢুং এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। আলিপুরদুয়ার শিয়ালদা কাঞ্চনকন্যা ডাউন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যায় একটি ৮-৯ বছর বয়সী মেয়ে হাতি। বনদপ্তর সূত্রে জানা গেছে, হাতিটি জঙ্গলে চলাচলের সময় রেললাইন পার হয়ে যাওয়ার চেষ্টা করছিল, যখন এটি ট্রেনের ধাক্কায় নিহত হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)