)
Neeraj Chopra: দোহা ডায়মন্ড লীগে ৯০.২৩ মিটার জ্যাভলিনে নীরজ চোপড়া প্রথমবার ৯০ মিটারের মাইলফলক অতিক্রম করলেন। এই সাফল্য সামগ্রিকভাবে সারা পৃথিবীতে ২৫তম এবং এশিয়ার তৃতীয় জ্যাভলিন থ্রোয়ারের মুকুটের অধিকারী হলেন পদ্মশ্রীপ্রাপ্ত এই খেলোয়াড়।
Dum Dum Incident: দমদম ক্যান্টনমেন্ট ১ নম্বর রেলগেট-সংলগ্ন জ্যোতিনগরে বছর তিরিশের অজ্ঞাতপরিচয় এক মহিলার বস্তাবন্দি অবস্থায় আধপোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাস্থলে ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিস ওই অজ্ঞাত পরিচয় মহিলার নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। এর পাশাপাশি, কে বা কারা রাস্তার পাশে দেহটি ফেলে রেখে গিয়েছে, তা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করা হচ্ছে। একটি কলোনির রাস্তায় কী ভাবে বস্তাবন্দিদেহ ফেলে দেওয়া হল এবং তাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হল-- সেই নিয়েই রহস্য ঘনীভূত হচ্ছে।
Evrest: এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু বাঙালি শিক্ষকের। নাম সুব্রত ঘোষ। রানাঘাটের বাসিন্দা। এবারে জয় করার পর যখন তিনি নীচে নামতে শুরু করেছিলেন, তখনই শরীর খারাপ হয় তাঁর। বসে পড়েন। তার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সঙ্গে আরও একজন বাঙালি শিক্ষক ছিলেন, রুম্পা দাস। তিনি সুস্থ রয়েছেন এবং বেস ক্যাম্পের দিকে নামা শুরু করেছেন।
Indian Army in Mock War Test: উত্তর-পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে আপাত সংঘর্ষবিরতির আবহ, তবে এবার পূর্ব সীমান্তেও প্রতিরক্ষায় যে ভারতীয় সেনা সম্পূর্ণ প্রস্তুত, তার স্পষ্ট বার্তা মিলল 'তিস্তা প্রহরা' নামক সামরিক মহড়ায়। মাল ব্লকের ওদলাবাড়ির সাওগাঁ বস্তির অদূরে অবস্থিত তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সম্প্রতি তিনদিন ধরে চালানো হয় এই পূর্ণাঙ্গ যুদ্ধ-অনুশীলন। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের আওতায় আয়োজিত এই মহড়ায় অংশ নেয় ইনফ্যানট্রি, আর্টিলারি, আর্মড কর্পস, আর্মি অ্যাভিয়েশন, ইঞ্জিনিয়ার্স এবং সিগনালস বিভাগ। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে বাহিনীর মধ্যে সমন্বয়ের নিখুঁত রূপ তুলে ধরাই ছিল এই অনুশীলনের মূল উদ্দেশ্য। এই মহড়ায় প্রথমবারের জন্য ব্যবহৃত হয় সেনাবাহিনীর সদ্য সংযোজিত নেক্সট জেনারেশন অস্ত্রশস্ত্র ও আধুনিক মিলিটারি প্ল্যাটফর্ম। যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং প্রতিকূল আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতিও ছিল অনুশীলনের অন্যতম লক্ষ্য। মহড়াশেষে ইস্টার্ন কমান্ডের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়, 'যে কোনও যুদ্ধ-পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনা একশো শতাংশ প্রস্তুত।' পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে এই মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষকেরাও।
Bhangar Incident: ভাঙ্গড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারএক ব্যক্তি, তদন্তে নামল পুলিস। দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় থানার রঘুনাথপুর এলাকায় এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগে শফিক মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভাঙ্গড় থানার পুলিস। অভিযোগ, দীর্ঘ দু'বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। বর্তমানে ওই গৃহবধূ গর্ভবতী। এরপর গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। এই ঘটনায় রঘুনাথপুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
SSC Protest: বিকাশভবন ঘেরাওকে কেন্দ্র করে রাতভর পুলিস ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় উত্তেজনা। পুলিসের মারে আহত একাধিক আন্দোলনকারী বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি। রাতেই এই আন্দোলনের সমর্থনে ও আহতদের দেখতে হাসপাতালে আসেন বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধি দল। বহিরাগতরা রাতেও ভয় দেখানোর চেষ্টা করে ও কটূক্তি করে বলে অভিযোগ আন্দোলকলারীদের। এর পাশাপাশি আজ, শুক্রবার বিকাশভবনের সামনেই একটি গণ কনভেশনের ডাক দেওয়া হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন পেশার মানুষজন। তাঁদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। অন্য দিকে, সকাল থেকেই কার্যত দুর্গের চেহারা নিয়েছে বিকাশভবন। মূল গেটের বাইরে কড়া নিরাপত্তা। উচ্চপদস্থ আধিকারিক, র্যাফ মোতায়েন। পুরো গেট ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। বিনা অনুমতিতে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)