)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে লেখা সুইসাইড নোট। সেই নোটের লাইনে লাইনে বিস্ফোরক অভিযোগ। অভিযোগ, ধর্ষণ করেছে পুলিস-ই! পুলিসের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ এনে আত্মঘাতী হয়েছেন এক মহিলা চিকিৎসক। ওই মহিলা চিকিৎসকের হাতে লেখা সুইসাইড নোটে তাঁর স্পষ্ট অভিযোগ, "৪ বার ধর্ষণ করেছে পুলিস!" এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
হাতে লেখা সুইসাইড নোট...
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। পুলিসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আত্মঘাতী হয়েছেন মহারাষ্ট্রের ওই মহিলা চিকিৎসক। যেখানে আত্মঘাতী ওই মহিলা চিকিৎসক তাঁর হাতেই লিখে রেখে গিয়েছেন সুইসাইড নোট। লিখেছেন, "পুলিস ৪ বার ধর্ষণ করেছে।" বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের সাতারার একটি জেলা হাসপাতালে কর্মরত ওই মহিলা চিকিৎসক হোটেলের রুমে আত্মঘাতী হন। তাঁর অভিযোগ, ৫ মাসে ৪ বার তাঁকে ধর্ষণ করেন সাব-ইনসপেকটর গোপাল বাদনে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত এসআই গোপাল বাদনেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
নির্যাতিতার বিস্ফোরক অভিযোগ, ৫ মাসে ৪ বার ধর্ষণ...
বাম হাতের তালুতে লেখা সুইসাইড নোটে নির্যাতিতা অভিযোগ করেছেন, এসআই গোপাল বাদনে তাঁকে ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। ক্রমাগত হয়রানির কারণেই তিনি বাধ্য হচ্ছেন আত্মহত্যা করতে। এসআই গোপাল বাদনের পাশাপাশি আরেক পুলিস অফিসার প্রশান্ত বাঙ্কারের বিরুদ্ধেও মানসিক হয়রানির অভিযোগ করেছেন নির্যাতিতা। বাম হাতের তালুতে লেখা সুইসাইড নোটে নির্যাতিতা লিখেছেন,"পুলিস ইনসপেকটর গোপাল বাদনেই আমার মৃত্যুর কারণ। সে আমাকে চারবার ধর্ষণ করেছে। পাঁচ মাসেরও বেশি সময় ধরে সে আমাকে ধর্ষণ, মানসিক ও শারীরিক নির্যাতন করেছে।"

ডিএসপিকে লেখা চিঠি...
প্রসঙ্গত, ফালতান মহকুমা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ওই মহিলা চিকিৎসক গত ১৯ জুন ফালতানের মহকুমা অফিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিস (ডিএসপি)-কে লেখা একটি চিঠিতেও একই অভিযোগ করেছিলেন। আত্মহত্যার কয়েক মাস আগে ডিএসপির কাছে লেখা চিঠিতে ওই মহিলা চিকিৎসক এসআই গোপাল বাদনে, সাবডিভিশনাল পুলিস ইনসপেকটর পাতিল এবং সহকারী পুলিস ইনসপেকটর লাডপুত্রের নামে হয়রানির অভিযোগ এনেছিলেন।
মহিলা চিকিৎসকের আত্মহত্যায় তুঙ্গে রাজনৈতিক তরজা...
লিখেছিলেন, তিনি চরম চাপের মধ্যে আছেন। তাই এই গুরুতর বিষয়টি অবিলম্বে তদন্ত করে দোষী পুলিসকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছেন। সূত্রের খবর, এখন ওই মহিলা চিকিৎসক আত্মঘাতী হতেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নির্দেশেই বরখাস্ত করা হয়েছে বাদনেকে। ওদিকে এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। বিরোধী কংগ্রেস তোপ দেগেছে ক্ষমতাসীন মহাযুতি সরকারের বিরুদ্ধে। পালটা পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছে ক্ষমতাসীন মহাযুতি সরকারের জোটসঙ্গী বিজেপি। আসরে নেমেছে মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনও।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)