জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারের আলিনগরে বিজেপির সর্ব কনিষ্ঠ প্রার্থী মৈথিলী ঠাকুর ও আরজেডির বিনোদ মিশ্রর মধ্যে লড়াইটি ছিল সবচেয়ে নজরকাড়া। ২৫ বছরের মৈথিলী, যিনি প্রশিক্ষিত শাস্ত্রীয় সংগীতশিল্পী, প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়িয়েছেন। বিজেপি তাঁকে দলের 'সাংস্কৃতিক মুখ' হিসেবে সামনে এনেছে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন:UP Shocker: শুক্রবারে শিহরণ! ফ্যান থেকে ঝুলছেন বাবা, বিছানায় ছড়ানোছেটানো এলোমেলো মা ও তিন সন্তান...
কে এই মৈথিলী ঠাকুর?
২৫ জুলাই ২০০০ সালে বিহারের মধুবনীতে জন্ম মৈথিলীর। তিনি সংগীত-সমৃদ্ধ পরিবারে বড় হয়েছেন। তাঁর বাবা ও দাদু তাঁকে শাস্ত্রীয় ও লোকসংগীত শিখিয়েছেন। ২০১৭ সালের টিভি রিয়্যালিটি শো 'রাইজিং স্টার'-এ রানার-আপ হয়ে মৈথিলী পরিচিতি পান। এরপর তিনি ও তাঁর ভাইয়েরা শত শত ভক্তিমূলক ও লোকসংগীত রেকর্ড করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার।
মৈথিলীকে সামনে এনে বিজেপি মিথিলার সাংস্কৃতিক গৌরবকে কাজে লাগাতে চায়। তবে তাঁর প্রার্থী হওয়া নিয়ে সমালোচনাও ছিল-অনেকে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতার অভাবকে সমস্যার দিক হিসেবে দেখেছিলেন।
সম্প্রতি মৈথিলীর এক সাক্ষাৎকারে তাঁকে যখন এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন, 'আমি এটা সবাইকে কীভাবে বলব? এটা একদম ব্যক্তিগত এবং গোপনীয়।' সেই ভিডিয়োটি ভাইরাল হয় এবং সমালোচনা ও মিমের ঝড় ওঠে।
মৈথিলীর সম্পত্তির পরিমাণ:
মাত্র ২৫ বছর বয়সেই বিশাল সম্পত্তির মালিক মৈথিলী ঠাকুর। নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি টাকা। তাঁর গয়নার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ৩ কোটি টাকার একটি ফ্ল্যাট রয়েছে। প্রায় ৯০ লক্ষ টাকা দিয়ে একটি জমির অর্ধের মালিকানা রয়েছে তাঁর নামে।
উল্লেখ্য, রাজ্যজুড়ে আজ NDA দেখিয়ে দিল তাদের অবস্থান। দুপুরের আগেই এনডিএ ১৯০–এর বেশি আসনে এগিয়ে ছিল, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১২২টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট পিছিয়ে ছিল ৪৯ আসনে। এনডিএ-র এই সাফল্যে মৈথিলী নীতীশ কুমারকে কৃতিত্ব দেন। এমনকী 'পঞ্চায়েত' সিরিজের গান 'ও রাজা জি' উৎসর্গ করেন।
বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ মৈথিলী ঠাকুর ছিলেন বিজেপির তুরুপের তাস। ৮৪,৯১৫ ভোট পেয়ে আলিনগর আসনে জয়ী মৈথিলী ঠাকুর। আরজেডি-র বিনোদ মিশ্রকে ১১,৭৩০ ভোটে হারিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন:Bihar Election Result 2025 Explained: কোন অঙ্কে 'বুড়ো হাড়ে'ও খেলা ঘোরালেন নীতীশ? NDA-র বিহার 'মহা'জয়ের ৫ কারণ...
প্রসঙ্গত, বহু বছর ধরে আলিনগর ছিল আরজেডির শক্ত ঘাঁটি, যেখানে আব্দুল বারি সিদ্দিকী সাতবার জয়ী হয়েছিলেন। তবে ২০১৫ সালের জয়ের পরে তিনি সরে দাঁড়ান। ২০২০ সালে বিকাশশীল ইনসান পার্টির মিশ্রা লাল যাদব জয়ী হন, যিনি পরে বিজেপিতে যোগ দেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে বিজেপি এবার তাকে টিকিট দেয়নি, এবং তিনি ১১ অক্টোবর দল ছাড়েন। এরপর আসেন মৈথিলী ঠাকুর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)