)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনবার বিয়ে। মদের নেশার জন্য টেকেনি। তার পরেও এক মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্ক গড়ে তোলে বেঙ্গালুরুর ক্যাব চালক ভিতাল। একসময় তার সঙ্গেও সম্পর্কের অবনতি হয়। শেষপর্যন্ত বনযক্ষী(৩৪) নামে ওই মহিলাকে চলন্ত গাড়িতেই পুড়িয়ে মারল ভিতাল। আগুনে অনেকটাই পুড়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেরে উঠতে পারেননি।
পুলিস জানিয়েছে, ক্যাব চালক ভিতাল ছিল পাঁড় মাতাল। বনযক্ষীর সঙ্গে পরিচয় হওয়ার আগে ৩ বার বিয়ে হয়েছিল তার। পাশাপাশি বনযক্ষীও আগে ২ বার বিয়ে করেছিল। তার পরেই সে ভিতালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে।
কী নিয়ে সমস্যা? পুলিসের দাবি, বনযক্ষী সম্প্রতি ভিতালের কাছ থেকে সরে যায়। কারণ মদ খেয়ে একাধিক বার তাকে হেনস্থা করেছিল ভিতাল। পাশাপাশি সম্প্রতি বনযক্ষী মারিয়াপ্পা নামে একজনের সঙ্গে সে সম্পর্ক গড়ে তোলে।
ঘটনার দিন বনযক্ষীর গাড়িকে ফলো করে ভিতাল। মারিয়াপ্পার সঙ্গে সে তখন গাড়ি চেপে ফিরছিল। একটি সিগন্যালে ভিতাল বনযক্ষীর গাড়ির পাশে গিয়ে দাঁড়ায়। তারপর জানালা খোলা পেয়ে পেট্রোল ঢেলে দেয় বনযাক্ষীর গাড়িতে। গাড়িতে থাকা ড্রাইভার-সহ তিন জনের গায়ে পেট্রোল লাগে। বিপদের গন্ধ পেয়েই গাড়ি থেকে বেরিয়ে দৌড়তে থাকেন সবাই। ভিতাল বনযক্ষীকে তাড়া করে তার গায়ে আরও পেট্রোল ঢেলে দেয়। তারপর লাইটার দিয়ে আগুন লাগিয়ে দেয়।
রাস্তার মধ্যে এক মহিলাকে দাউদাউ করে জ্বলতে দেখে এক পথচারী এসে বনযক্ষীর গায়ে একটি কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেন। অন্য়ান্য পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষপর্যন্ত হাসপাতালেই তার মৃত্যু হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)