)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিভ ইন পার্টনারকে ভরা রাস্তায় প্রকাশ্য় গুলি করে খুন। তারপর মৃত প্রেমিকার পাশে বসে ভয়ংকর কাণ্ড। ঘটনাটি মধ্যপ্রদেশের গ্বালিয়রে।
গ্বালিয়রে রূপ সিং স্টেডিয়ামের ঠিক সামনে অভিযুক্ত অরবিন্দ তার প্রেমিকা নন্দিনীকে রাস্তার মাঝখানে থামায়। তারপর পিস্তল বের করে নন্দিনীর মুখে একাধিক গুলিতে ঝাঁজরা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে অরবিন্দ। রক্তাক্ত প্রেমিকার মৃতদেহের পাশে ঠান্ডা মাথায় বসে পড়ে। তারপর হাতে বন্দুক তুলে কাউকে কাছে আসতে সরাসরি চ্যালেঞ্জ করতে থাকে।
হাড়হিম ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দৌড়ে পালায়, রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ভীতসন্ত্রস্ত প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিস আসার পরও পরিস্থিতিকে বাগে আনা যায়নি। অরবিন্দ পুলিসের দিকে বন্দুক তাক করে। তাকে কাবু করতে পুলিস বাধ্য হয়ে টিয়ার গ্যাস ছোড়ে এবং পুরো এলাকা ঘিরে ফেলে। চরম উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত আরবিন্দকে কাবু করে পুলিস। মারধর করে তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, নন্দিনী, যিনি তখন গুরুতর আহত হয়ে প্রচণ্ড রক্তক্ষরণে লুটিয়ে পড়েছিলেন, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসার সময়ই তার মৃত্যু হয়। পুলিস সূত্রে জানা যায়, অরবিন্দ একজন ঠিকাদার এবং নন্দিনীর সঙ্গে তার সম্পর্কে জটিলতার সৃষ্টি হয়। তাদের দুজনেরই আগে বিয়ে হয়েছিল। কিন্তু দুজনেরই সেই সম্পর্ক টেকেনি। ডিভোর্সের পর তারা দুজন একসঙ্গে থাকতে শুরু করে।
পরে নন্দিনী অভিযোগ করেন, অরবিন্দ তাকে তার আগের বিয়ে ও সন্তানদের কথা লুকিয় রেখেছিল। এমনকি নন্দিনী দাবি করেন যে তিনি প্রতারণার মাধ্যমে তাকে আর্য সমাজ মন্দিরে বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্ক তাদের বেশিদিন টেকেনি। বিয়ের পর থেকে অরবিন্দ নন্দিনীর উপর মানসিক নির্যাতন করত।
আরও জানা গিয়েছে, নন্দিনী অরবিন্দের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন। ২০২৪ সালের নভেম্বরে, তিনি তার স্বামী এবং তার সহযোগী পুজা পরিহারের বিরুদ্ধে তার উপর আক্রমণের অভিযোগ আনেন। অরবিন্দ যখন তাকে গাড়ি দিয়ে চাপা দিয়ে খুনের চেষ্টা করেন। সেই সময় অরবিন্দ জামিনে মুক্তি পেয়ে যায়।
পুলিস জানায়, অরবিন্দ ও পুজা তাঁর এআই-তৈরি অশ্লীল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং তার পরিবারের কাছেও পাঠায়। অরবিন্দ তাকে ধর্ষণ করতে চেয়েছিল, বাধা দিলে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। গত শুক্রবার, নন্দিনী যখন আবার এসপির দফতরে যাচ্ছিলেন, তখন রূপ সিং স্টেডিয়ামের সামনে অরবিন্দ তাকে আটকে দেয়। রাগে উন্মত্ত হয়ে, সে সবার সামনে, নির্মমভাবে নিজের হুমকিই বাস্তবে পরিণত করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)