Maharashtra Horror: ৭ বছরের বড় প্রেমিকার ডমিনেটিং চরিত্র। রাগে ফুঁসতে ফুঁসতে একদিন ভয়ংকর কাণ্ড ঘটিয়ে ফেলল ২২-এর তরুণ। তারপর পুলিসের সামনে শুরু করে আসল নাটক। শেষমেশ যেভাবে সত্যিটা বেরিয়ে এল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোবাইল চার্জার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন প্রেমিকাকে। তারপর শুরু নাটক। 'আত্মহত্যা' হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা অভিযুক্তের। তবে ঘটনার ২০ দিন পর ময়নাতদন্তের রিপোর্ট আসতেই বেরিয়ে এল আসল সত্যি। ইতোমধ্যেই পুলিস অভিযুক্ত যুবক অংকেশ যোগেশ বহিরওয়ারকে (২২) গ্রেফতার করেছে।
মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা ওয়ান্ধার। তিনি তার স্বামীর থেকে আলাদা থাকতেন। পরে অভিযুক্ত অংকেশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রিয়াঙ্কা তাঁর প্রেমিকের চেয়ে বয়সে প্রায় সাত বছরের বড় ছিলেন। অংকেশ প্রিয়াঙ্কার বাড়ির দোতলায় লিভ-ইন পার্টনার হিসেবে থাকতে শুরু করে। পুলিস সূত্রে খবর, গত ১৪ মার্চ রাত ৮টা নাগাদ এই হাড়হিম ঘটনাটি ঘটে। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসে ৩ এপ্রিল।
তদন্তে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে তাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে প্রচুর ঝগড়া হচ্ছিল। অংকেশ কার সঙ্গে কথা বলবে বা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবে কি না- এই ধরণের নিয়ন্ত্রণমূলক আচরণ নিয়ে তাদের মধ্যে বিবাদ চরমে পৌঁছায়। খুনের রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং রাগের মাথায় অংকেশ মোবাইলের চার্জারের তার দিয়ে প্রিয়াঙ্কার গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করে।
খুন করার পর অংকেশ নাটক শুরু করে। সে প্রিয়াঙ্কার বাবাকে ফোন করে জানায় যে, প্রিয়াঙ্কা অজ্ঞান হয়ে গিয়েছেন এবং সম্ভবত আত্মহত্যার চেষ্টা করেছেন। পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে সবাই এটিকে আত্মহত্যা মনে করলেও, গত ৩ এপ্রিল ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয় যে প্রিয়াঙ্কাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
রিপোর্ট পাওয়ার পরপরই পুলিস অংকেশকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে তিনি নিজের অপরাধ স্বীকার করে ফেলে। পুলিস ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত মোবাইল চার্জার এবং একটি এক্সটেনশন বোর্ড উদ্ধার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে এবং পুলিস ঘটনার আরও গভীরে যাওয়ার তদন্ত শুরু করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)