)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোলে আঁকড়ে জড়িয়ে ২ বছরের মেয়েকে! সেইভাবেই পুড়ছে মা-মেয়ে! সামনে এসেছে সেই ভয়ংকর হাড়হিম করে দেওয়া ভিডিয়ো। স্বামীর সঙ্গে ঝগড়ায় গায়ে আগুন দেন মা। ২ বছরের মেয়েকে কোলে নিয়েই গায়ে আগুন দেন মা। তারপর মেয়ে কোলেই আগুনে দাউ দাউ করে পুড়তে থাকেন তিনি। তাঁরই সঙ্গে পুড়তে থাকে কোলের ২ বছরের অবুঝ সন্তান।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। মৃতার নাম মণীষা বাঘেল। মণীশ বাঘেলের স্ত্রী ছিলেন তিনি। জানা গিয়েছে, সকালে স্বামী মণীশ বাঘেলের সঙ্গে ঝগড়া হয় মণীষার। এরপরই মণীশ বাঘেল বাড়ি থেকে বেরিয়ে যান। মণীষা ও তাঁদের মেয়ে জাহ্নবীকে বাড়িতে একা রেখে, মাকে নিয়ে চিকিৎসার জন্য গোয়ালিয়র যান তিনি। তারপরই ফাঁকা বাড়িতে চরম পদক্ষেপ নেন মণীষা। মেয়েকে কোলে নিয়েই গায়ে আগুন দেন। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজনে। ৪ বছর আগে মনীশ-মণীশার বিয়ে হয়। বিয়ের ২ বছর পর তাঁদের মেয়ে হয়। মনীশ পেশায় একজন বাস ড্রাইভার।
পুলিস জানিয়েছে, মণীষা মেয়েকে জড়িয়ে ধরে নিজের গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁদের বাড়ির কাছেই একটি কুঁড়েঘরের ভিতর গায়ে আগুন দেন তিনি। কুঁড়েঘর থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা এসে মা ও শিশুকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)