)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোরক্ষকদের তাণ্ডবে বহু গোরু ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন গো বলয়ের বিভিন্ন রাজ্যে। এবার উলটপুরান। গোরু পাচারকারীদের হামলায় প্রাণ হারালেন এক নিট(NEET) পরীক্ষার্থী। এনিয়ে তোলপাড় উত্তরপ্রদেশের গোরক্ষপুর। স্থানীয় মানুষজন ওই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভ থামাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিসকর্মী।
পুলিসের দাবি, সোমবার মধ্যরাত নাগাদ ৩টি লরি নিয়ে গোরক্ষপুরের একটি গ্রামে ঢোকে গোরু পাচারকারীরা। বিভিন্ন বাড়িতে ঢুকে তারা গোরু লরিতে তুলতে থাকে। সেই শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে পাচারকারীদের বাধা দেন দীপক গুপ্তা(১৯) নামে ওই নিট পরীক্ষার্থী। বেগতিক দেখে দীপককে একটি লরিতে তুলে গ্রাম থেকে বেরিয়ে পড়ে। পরে গ্রাম থেকে ৪ কিলোমিটার দূরে একটি জায়গায় তাকে গাড়ি থেকে ছুড়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপকের। পর ওই জায়গা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।
ওই ঘটনা প্রতিবাদে গোরক্ষপুরের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। বিভিন্ন যানবাহনে তারা আগুন লাগিয়ে দেয়। গোলমাল থামাতে রাস্তায় নামলে পুলিসকেও আক্রমণ করে বিক্ষাভকারীরা। তাদের হামলায় আহত হন এসপি জিতেন্দ্র শ্রীবাস্তব ও এসএইচও পুরুষোত্তম আনন্দ সিং। বিক্ষোভকারীরা গোরক্ষপুর-পিপরাইচ রোড অবরোধ করে। পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিস বাহিনী ও পিএসসি মোতায়েন করা হয়েছে।
গোরক্ষপুরের এসএসপি রাজ করন নায়ার সংবাদমাধ্যমে বলেন, ভোর তিনটে নাগাদ খবর আসে যে ৩টি ট্রাক নিয়ে গ্রামে ঢুকেছে গোরু পাচারকারীরা। গ্রামবাসীরা তাদের তাড়া করলে একটি ট্রাক আটকে যায় । সেই ট্রাকে থাকা পাচারকারীরা পালিয়ে যায়। স্থানীয় এক তরুণ পাচারকারীদের আটকাতে গেলে তাকে পাচারকারীরা ধরে ট্রাকে তুলে নেয়। পরে তাকে গাড়ি থেকে ফেলে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই ঘটনায় পাচারকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। তাঁর অফিস থেকে সোশ্যাল মিডিয়ায় করা এক ট্যুইটে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার খোজখবর করেছেন। নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করতে জেলা প্রশাসনকে আদেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)