)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুদ্ধশ্বাস অপেক্ষা! কেমন হবে নতুন আধার কার্ড? কেন বাংলা জোড়া এসআইআর বিতর্কের মাঝে আবার আধার-বিভ্রাট? না, বিভ্রাট নয়, জানা গিয়েছে, আসছে নতুন আধার কার্ড (New Aadhaar Card)। অচিরেই। না, অকারণ, টেনশনে না ভুগে বরং জেনে নিন আধার কার্ড সংক্রান্ত লেটেস্ট নিউজ (Aadhaar Card latest Update)।
আধারে আঁধার?
আগামী মাস থেকেই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন। সব ঠিক থাকলে UIDAI ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে। সংস্থার সিইও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কেমন হবে নতুন আধার কার্ডের ডিজাইন?
শুধু QR কোড
UIDAI সূত্রের খবর, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য থাকবে না। থাকবে শুধু কার্ড-হোল্ডারদের ছবি এবং একটি QR কোড। ওই QR কোডেই লুকনো থাকবে সংশ্লিষ্ট নাগরিকের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করার জন্য ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। এখন যে mAdhar অ্যাপ আছে, সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে। ওই অ্যাপে কিউ আর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে, না হলে নয়।
কেন এই ব্যবস্থা?
কেন সহসা কেন এই ব্যবস্থা? কেন বদলে দেওয়া হল আগের কার্ডের ব্যবস্থা? UIDAI বলছে, আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্যচুরি রুখতে এই সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে দেখা যায়, হোটেল, ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে। ফলে, সেই তথ্যের কোনও নিরাপত্তা থাকে না। অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না। আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও রাখা যায় না। তাই আধারের তথ্যচুরি রুখতেই এই নতুন ভাবনা।
ভাবনার স্তরেই নতুন ভাবনা?
যদিও জানা গিয়েছে, পুরোটাই এখনও ভাবনার স্তরেই আটকে। UIDAI সিইও ভূপেশ কুমার জানিয়েছেন, ডিসেম্বর থেকেই নতুন আধার দেওয়া চালু করা হবে। ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে, সেটার তথ্য UIDAI-এর কাছে থাকবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)