)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজো (Durga Puja 2025) এসে গেল বলে। এসময়ে বাঙালির মন এমনিতেই খুশি খুশি থাকে। আর সেই আবহেই খুশির লগ্ন নীরবেই এগিয়ে এল। আর মাত্র ২ দিন বাকি! ২২ সেপ্টেম্বরে শুরু নতুন জিএসটি রেট। এমনিতেই শোনা যাচ্ছিল, দেশবাসীকে কি পুজোর উপহার দিতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)? 'ট্যাক্স রিফর্ম ফর রাইজিং ভারত' (Tax Reforms for Rising Bharat)-এর প্রসঙ্গ তুলে সেই রকম ইঙ্গিত দিয়েছেন স্বয়ং নির্মলাই।
নতুন দাম কার্যকর
জিএসটি হার কমানোর ফলে Procter & Gamble, Emami, এবং Hindustan Unilever Limited (HUL)-এর মতো শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানিগুলি তাদের বিভিন্ন পণ্যের দাম কমিয়ে নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে। ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে, যার ফলে ভোক্তারা সরাসরি কর হ্রাসের সুবিধা পাবেন।
প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল (P&G)
P&G তাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড যেমন Vicks, Head & Shoulders, Pantene, Pampers, Gillette, Old Spice এবং Oral-B-এর দাম কমিয়েছে।
Vicks Action 500 Advance-এর দাম ৬৯ থেকে কমে ৬৪ টাকা হয়েছে।
Pantene Hair Fall Control শ্যাম্পু (340 ml) এখন ৪১০-এর বদলে ৩৫৫ টাকায় পাওয়া যাবে।
শিশুদের ডায়াপারের উপর জিএসটি হার ১২% থেকে কমে ৫% হওয়ায়, Pampers ব্র্যান্ডের ডায়াপারের দামও কমেছে।
Gillette Shaving Cream (30 gm) এর দাম ৪৫ টাকা থেকে কমে ৪০ এবং Old Spice After Shave Lotion (150 ml) এর দাম ৩২০ টাকা থেকে কমে ২৮৪ টাকা হয়েছে।
Oral-B Everyday Care Toothbrush-এর দাম ৩৫ টাকা থেকে কমে ৩০ টাকা হয়েছে।
ইমামি (Emami)
দেশীয় এফএমসিজি কোম্পানি ইমামি তাদের আয়ুর্বেদিক এবং ব্যক্তিগত পরিচর্যার পণ্যের দামও কমিয়েছে।
Boroplus Antiseptic Cream (80 ml)-এর দাম ১৬৫ থেকে কমে ১৫৫ হয়েছে।
Navratna Oil (180 ml)-এর দাম ১৫৫ টাকা থেকে কমে ১৪৫ টাকা হয়েছে।
Zandu Balm (25 ml)-এর দাম ১২৫ থেকে কমে ১১৮ টাকা হয়েছে।
Zandu Sona Chandi Chyawanplus (900 gm) এখন ৩৮৫ এর পরিবর্তে ৩৬১ টাকা হবে।
হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL)
HUL তাদের জনপ্রিয় ব্র্যান্ড যেমন Dove, Sunsilk, Clinic Plus, Lifebuoy, Lux, Horlicks, Kissan এবং Bru Coffee-এর দাম কমিয়েছে।
Dove Hair Fall Shampoo (340 ml) এখন ৪৯০-এর বদলে ৪৩৫ টাকায় পাওয়া যাবে।
Clinic Plus Shampoo (355 ml)-র দাম ৩৯৩ থেকে কমে ৩৪০ টাকা হয়েছে।
Sunsilk Black Shine Shampoo (350 ml) এখন ৪৩০ এর পরিবর্তে ৩৭০ টাকায় পাওয়া যাবে।
Lifebuoy সাবান (4-প্যাক, 75 gm)-এর দাম ৬৮ থেকে কমে ৬০ টাকা হয়েছে।
Lux Radiant Glow সাবান (4-প্যাক, 75 gm)-এর দাম ৯৬ থেকে কমে ৮৫ টাকা হয়েছে।
খাদ্য ও পানীয়ের মধ্যে Horlicks Chocolate (200 gm)-এর দাম ১৩০ থেকে কমে ১১০ টাকা হয়েছে।
Boost (200 gm) এর দাম ১২৪ থেকে কমে ১১০ হয়েছে।
Kissan Jam (200 gm) এর দাম ৯০ থেকে কমে ৮০ হয়েছে।
Bru Coffee (75 gm) এর দাম ৩০০ টাকা থেকে কমে ২৭০ টাকা হয়েছে।
জিএসটি কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর করের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার ফলে বেশিরভাগ দৈনন্দিন ব্যবহার্য পণ্য এখন ৫% জিএসটি স্ল্যাবের অন্তর্ভুক্ত হয়েছে। কোম্পানিগুলি এই সুবিধা সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে, যা উৎসবের মরসুমের আগে চাহিদা এবং পরিবারের সাশ্রয় বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
৯৯% শতাংশ জিনিসই ৫%
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, জিএসটি (GST) ব্যবস্থা মানুষ এবং রাজ্য সরকার-- উভয়ের পক্ষেই লাভজনক প্রমাণিত হয়েছে। চেন্নাইতে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যৌথ সম্মেলনে তিনি 'ট্যাক্স রিফর্মস ফর রাইজিং ভারত' (Tax Reforms for Rising Bharat) বিষয়ে বক্তব্য রাখেন। সেখানে তিনি জানান, এই জিএসটি সংস্কারে ৯৯ শতাংশ জিনিসেরই কর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশে গিয়ে ঢুকছে। ফলে, অনেকেরই আর্থিক সুবিধা ঘটছে।
জিএসটি-র সুবিধা
ট্যাক্স কমানো: সর্বশেষ জিএসটি সংস্কারে ১২% জিএসটি স্ল্যাবে থাকা ৯৯% পণ্যকেই ৫% স্ল্যাবে নিয়ে আসা হয়েছে। এতে মানুষের খরচ কমছে, সঞ্চয়ও বাড়ছে।
সরল করকাঠামো: জিএসটি কাঠামোকে আগের চেয়ে আরও সহজ করা হয়েছে। প্রাথমিকভাবে চারটি স্ল্যাব থাকলেও এখন তা দুটি স্ল্যাবে (৫% এবং ১৮%) এসে দাঁড়িয়ছে-- ফলে বিষয়টা আগের চেয়ে সরল হয়েছে। এতে করব্যবস্থাও আরও স্বচ্ছ হয়েছে।
রাজস্ব বৃদ্ধি: ২০১৭ সালে জিএসটি চালু হওয়ার সময় করদাতার সংখ্যা ছিল ৬৫ লাখ, যা এখন বেড়ে ১.৫১ কোটিতে পৌঁছেছে। মোট জিএসটি সংগ্রহ ৭.১৯ লাখ কোটি টাকা থেকে বেড়ে এখন ২২ লাখ কোটি টাকার বেশি হয়েছে, যেখানে মাসিক গড় সংগ্রহ ১.৯ থেকে ২ লাখ কোটি টাকা। এই রাজস্ব কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ৫০:৫০ অনুপাতে ভাগ করা হয়।
মূল্যহ্রাস: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন-- সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, খাবার সামগ্রী (নোনতা, ভুজিয়া), বাইসাইকেল, রান্নার সরঞ্জাম, এসি, টিভি, গাড়ি, কৃষি সরঞ্জাম, জীবন রক্ষাকারী ওষুধপত্র এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের মতো বিভিন্ন পণ্যের উপর জিএসটি হার কমানো হয়েছে।
উৎসবে সুবিধা: এই সংস্কারগুলি এমন সময়ে করা হয়েছে, যাতে আসন্ন উৎসবের মরসুমে সাধারণ মানুষ এর থেকে সরাসরি উপকৃত হতে পারেন। তেমনই ঘটতে চলেছে। ফলে মানুষের খরচ কম হবে, সঞ্চয় বাড়বে।
নতুন করকাঠামো
আগে ছিল চার ধাপের করকাঠামো-- ৫%, ১২%, ১৮% এবং ২৮%। এখন এটা অনেক সরল হয়ে যাচ্ছে। এখন মাত্র দু'টি করকাঠামো থাকছে-- ৫% এবং ১৮%। জিএসটি কাউন্সিল এবার পরিষ্কার করে দিচ্ছে, ঠিক কোন কোন জিনিসে লাগু হচ্ছে কতটা পরিমাণ জিএসটি। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এটা লাগু হবে বলে জানানা হয়েছে। সারাদিনের বৈঠকের শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়ে দিয়েছেন, একেবারে সাধারম মানুষের দিকে তাকিয়েই এটা নির্ধারণ করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)