)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাপোশে জগন্নাথদেবের ছবি, যা বিক্রি হচ্ছে অনলাইন সংস্থায়। এই বিজ্ঞাপন ভারতে প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপরেই চিনের ই-কমার্স সংস্থা আলি এক্সপ্রেস সরিয়ে দিয়েছে সেই ডোর ম্যাট।
পণ্যটি ভারতে প্রকাশিত হওয়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। পণ্যের নাম ছিল “লর্ড জগন্নাথ মন্ডালা আর্ট ম্যাট ডোরওয়ে”, যার মূল্য ধরা হয়েছিল ৭৮৭.৬৫ টাকা। বিজ্ঞাপনের ছবিতে দেখা যায়, একজন মডেল সেই মাদুরের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে ভগবান জগন্নাথের ছবি রয়েছে। ওডিশাসহ ভারতের বহু মানুষই জগন্নাথদেবের পুজো করেন, আরাধনা করে। এই পণ্য তালিকাটি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। রাজনীতিক, শিল্পী ও সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় এই কাজকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা ও অসম্মানজনক বলে তীব্র নিন্দা জানান।
বিজু জনতা দলের (BJD) মুখপাত্র ও সাংসদ অমর পট্টনায়েক বলেন, “ভগবান জগন্নাথের পবিত্র ছবি দেওয়া মাদুর বিক্রি করা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। এটি কোটি কোটি ভক্তের অনুভূতিতে আঘাত করেছে। অবিলম্বে এই ভুল শুধরে নেওয়া উচিত।”
বিশিষ্ট বালির শিল্পী সুধর্ষণ পট্টনায়েক বলেন, “জয় জগন্নাথ। আমরা বিশ্বের সকল ভক্তকে এই অনুচিত কাজের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানাই। মহাপ্রভু জগন্নাথের ছবি দেওয়া মাদুর অত্যন্ত অপমানজনক। এটি সরাতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে এবং ভবিষ্যতে যাতে এমন না ঘটে, তা নিশ্চিত করতে হবে।”
তীব্র সমালোচনার পর আলি এক্সপ্রেস এক্স (টুইটার)-এ একটি পোস্টে জানায়, “আপনাদের প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আমরা বিষয়টি পর্যালোচনা করে পণ্যটি সরিয়ে দিয়েছি। আমাদের প্ল্যাটফর্মে নিরাপত্তা ও সম্মান বজায় রাখতে কমিউনিটির সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রসঙ্গত, আলি এক্সপ্রেস চিনের আলিবাবা গ্রুপ পরিচালিত একটি আন্তর্জাতিক অনলাইন শপিং সাইট, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা পণ্য বিক্রি করেন। সেখানে কী করে এরকম একটি পন্য কীভাবে বিক্রি হচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)