)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমে দিল্লি। আর তারপরই বেঙ্গালুরু। শুক্রবার সকাল থেকে দুই শহরে প্রবল বোমাতঙ্ক, এবং দুই জায়গাতেই বোমা হুমকি দেওয়া হয়েছে একাধিক স্কুলকে।
বেঙ্গালুরুর স্কুলে বোমাতঙ্ক:
শুক্রবার সকালে বেঙ্গালুরুর অন্তত ৪০টি বেসরকারি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি মেল আসে। সঙ্গে সঙ্গে পুলিশ, দমকল ও বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী স্কুলগুলিতে পৌঁছে তল্লাশি শুরু করে। রাজারাজেশ্বরী নগর, কেঙ্গেরি এলাকা সহ শহর জুড়ে স্কুলগুলিতে মেল করে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে। বেঙ্গালুরু শহর পুলিশ দ্রুত সব স্কুলেই ছোট ছোট টিম পাঠিয়ে দেয়। বহু খোঁজাখুঁজির শেষে পুলিশ জানিয়েছে, কোথাও কিছু মেলেনি। সবকিছু নিরাপদেই আছে।
BOMBS INSIDE THE SCHOOL শিরোনামে এই ই মেল এসেছিল। মেলের আইডি ছিল roadkill 333@atomicmail.io। মেলের প্রেরক লিখেছিল, বেশ কিছু বিস্ফোরক রয়েছে, যেগুলিতে অতি বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন ট্রিনিট্রোটোলিন (TNT) রয়েছে।
দিল্লির স্কুলগুলোতে বিস্ফোরণের হুমকি:
প্রসঙ্গত, কিছুকাল চুপ থাকার পর ফের শুরু হয়েছে দিল্লির স্কুলগুলোতে বিস্ফোরণের হুমকি মেল আসা। শুক্রবার সকালে রাজধানীর ২৩টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি মেল আসে। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, খবর পেয়েই গোটা চত্বরে তল্লাশি চলছে। পৌঁছে গিয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।
রহস্যজনক ই মেলে কী রয়েছে?
রহস্যজনক ই-মেলে লেখা হয়েছে, 'বিস্ফোরকগুলো কালো প্লাস্টিকের ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। এই পৃথিবী থেকে আমি তোদের সক্কলকে মুছে দেব। একজনও বেঁচে থাকবে না। এই খবর যখন দেখব তখন আমার খুশির শেষ থাকবে না। আমি আনন্দে হাসতে থাকব। আমি দেখতে চাই বাবা-মায়েরা স্কুলে এসে নিথর, ঠান্ডা হয়ে যাওয়া, ছিন্নভিন্ন দেহ জড়িয়ে ধরে কাঁদছে। ই-মেল লেখক আরও লিখেছে, তোদের সকলের শাস্তি পাওয়াই উচিত। আমিও আমার জীবনকে ঘৃণা করি। এই খবর পাওয়ার পরেই আমি নিজেকেও শেষ করে দেব। এ পর্যন্ত বলে সে নিজেই নিজের মানসিক ব্যাধির কথা প্রকাশ করেছে। আমার মতোই তোমাদের সকলের যন্ত্রণা ভোগ দেখতে চাই আমি।'
কোন কোন স্কুলে বোমাতঙ্ক:
শুক্রবার সকালে সিভিল লাইনসের সেন্ট জেভিয়ার্স, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল, রোহিনীর অভিনব পাবলিক স্কুল এবং ওই এলাকারই সোভেরেইন স্কুলে বোমা রাখা আছে হুমকি মেল আসে। মেল দেখতে পাওয়া মাত্রই তড়িঘড়ি স্কুলগুলি খালি করে দেওয়া হয়। পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও বম্ব স্কোয়াড:
স্কুলের নিরাপত্তারক্ষী ও কর্মীরা সকলকে নিরাপদে দূরত্বে সরে যেতে সাহায্য করেন। পুলিশ ও বম্ব স্কোয়াড স্কুল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত বুধবার দিল্লির অন্তত ৭টি স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি এসেছিল। তার আগে সোম, মঙ্গলবারেও একই ঘটনা ঘটেছিল রাজধানীর বুকে।
দিল্লির স্মৃতি:
গত মঙ্গলবার সকালে সেন্ট স্টিফেনস কলেজ নর্থ ক্যাম্পাস ও দ্বারকার সেন্ট টমাস স্কুলে বোমা রাখার হুমকি মেল আসে। দ্রুত তল্লাশি অভিযান চালিয়ে সেন্ট স্টিফেনস কলেজ চত্বর থেকে চারটি দেশী বিস্ফোরক ও ২ প্যাকেট আরডিএক্স উদ্ধার হয়। এগুলি কলেজের লাইব্রেরি সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রাখা ছিল। পুলিশ কর্তা জানিয়েছিলেন, দুপুর ২টোর সময় বিস্ফোরণের কথা ছিল।
উল্লেখ্য, দিল্লি জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বেঙ্গালুরুর ঘটনার ঠিক আগে। শুক্রবার দিল্লির ২০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ভয়ের আবহে শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিজেপির সমালোচনা:
বারবার বোমার হুমকি মেল আসায় বিজেপি সরকারকে এদিন সকালেই তুলোধনা করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী। তিনি বলেন, ২০টির বেশি স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে আজ! পড়ুয়া, অভিভাবক ও শিক্ষাকর্মীদের মনের ভিতর দিয়ে কী গিয়েছে একবার ভাবুন! দিল্লিতে বিজেপির ৪ ইঞ্জিনের সরকার চলছে। কিন্তু, তারা রাজধানীর বাচ্চাদের ন্যূনতম নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)