)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী মোদীর শিক্ষাগত রেকর্ড (PM Modi degree row) প্রকাশ নিয়ে বড় রায় দিল্লি হাইকোর্টের। সিআইসির আদেশ খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, প্রধানমন্ত্রীর শিক্ষাগত রেকর্ড (PM Modi educational record) প্রকাশ করা হবে না। প্রসঙ্গত বিরোধী দলগুলি বার বারই প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছে। কেন্দ্রীয় তথ্য কমিশন (CIC) প্রায় ৮ বছর আগে তথ্য অধিকার (RTI)-এর অধীনে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রি সম্পর্কে তথ্য ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়।
সিআইসি কী বলেছিল?
কেন্দ্রীয় তথ্য কমিশন বলেছিল, যে কোনও ব্যক্তিত্বের, বিশেষ করে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা স্বচ্ছ হওয়া উচিত। আরও বলেছিল, এই তথ্য সম্বলিত রেজিস্টারকে একটি পাবলিক ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা উচিত। সিআইসি-র এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় হাইকোর্টের দ্বারস্থ হয়। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দেন যে হাজার হাজার শিক্ষার্থীর গোপনীয়তার অধিকার জনগণের তথ্যের অধিকারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এই বিতর্ক কীভাবে শুরু হয়...
আরটিআই আবেদনকারী ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্টস (বিএ) কোর্সের সমস্ত শিক্ষার্থীর অ্যাকাডেমিক রেকর্ড চেয়েছিলেন। সেই বছরই প্রধানমন্ত্রী মোদীও স্নাতক হন। ২০১৬ সালে করা একটি আরটিআই আবেদনের মাধ্যমে এই বিতর্কের শুরু। যে অনুরোধ প্রত্যাখ্যান করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দিল্লি হাইকোর্টের যুক্তি...
দিল্লি হাইকোর্টে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা ও তাঁর আইনি দল। মেহতা যুক্তি দেন, হাজার হাজার শিক্ষার্থীর গোপনীয়তার অধিকার জনগণের তথ্য পাওয়ার অধিকারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেহতা আরও যুক্তি দেন, এই তথ্য প্রকাশ করা একটি বিপজ্জনক প্রবণতার নজির তৈরি করবে যা সরকারের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। তিনি আরও দাবি করেন, যাঁরা এই রেকর্ডগুলি চাইছেন, তাঁরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রোণোদিত কারণেই চাইছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)