Abhishek Banerjee: অনেকেই ভেবেছিলেন, প্রতিনিধি দলের কাছে অভিজ্ঞতার কথা জানতে চাইবেন প্রধানমন্ত্রী। নিজেও হয়তো কোনও বার্তা দেবেন। কিন্তু বাস্তবে তেমনই কিছু হয়নি।

রাজীব চক্রবর্তী: হাসি-ঠাট্টা আর করমর্দনেই সীমাবদ্ধ থাকল! দিল্লিতে প্রধানমন্ত্রী বাসভবনে নৈশভোজে হাজির ছিলেন পাক বিরোধী প্রচারে যাওয়ার প্রতিনিধিরা। কিন্তু বৈঠক কার্যত নিস্ফলা। ঘনিষ্ঠমহলে এমনই মত প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তেমনই।
দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শংকরের ডাকা সর্বদলীয় বৈঠকে ছিলেন না। আজ, প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজে কিন্তু যোগ দিয়েছিলেন অভিষেক। অনেকেই ভেবেছিলেন, প্রতিনিধি দলের কাছে অভিজ্ঞতার কথা জানতে চাইবেন প্রধানমন্ত্রী। নিজেও হয়তো কোনও বার্তা দেবেন। কিন্তু বাস্তবে তেমনই কিছু হয়নি।
তৃণমূল সূত্রে খবর, আন্তজার্তিক মঞ্চে যাঁরা পাক বিরোধী প্রচার করে এলেন, তাঁদের কাছে অভিজ্ঞতার কথা জানতে চাননি মোদী। এমনকী, আগামী দিনে কূটনৈতিক স্তরে ভারতের কী অবস্থান হওয়া উচিত? তা নিয়ে কোনও সদর্থক আলোচনাই হয়নি বৈঠকে। কথা হয়নি বিদেশনীতি-সহ কোনও গুরুত্বপূর্ণ ইস্য়ুতে। দিল্লিতে নিজের বাসভবনে ডেকে প্রতিনিধিদলের সঙ্গে হালকা চালে গল্প করেছেন প্রধানমন্ত্রী। আজ, মঙ্গলবার গভীর রাতে কলকাতায় ফিরছেন অভিষেক।
পহেলগাঁও কাণ্ডে জবাবে অপারেশন সিঁদুর। এরপর সন্ত্রাসবাদ ইস্যুতে বিশ্ব দরবারে পাকিস্তানকে কোণঠাসা করতে বিভিন্ন দেশে সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। সেই দলের তৃণমূলের তরফে ছিলেন অভিষেক। সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশে দিয়েছিলেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)